নিজস্ব প্রতিনিধি : নিউ গড়িয়া কোঅপারেটিভ সোসাইটিতে বৃদ্ধা খুনের ঘটনায় অবশেষে আয়া সহ আরও ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। আয়ার সঙ্গে তার পুরুষ সঙ্গীকেও গ্রেফতার করা হয়েছে। ধৃত আয়া আশালতা সর্দার। তার সঙ্গী মোঃ জালাল মীর।
জানা গিয়েছে, রাতে আয়া তার সঙ্গীকে ওই বাড়িতে নিয়ে এসেছিল। কিন্তু সে নিজে বাড়িতে ঢুকলেও, সঙ্গীকে বাইরে অপেক্ষা করতে বলেছিলেন। বৃদ্ধ দম্পতির সম্পত্তি হাতানোর চক্রান্ত করেছিল তারা তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। বৃদ্ধাকে খুন করে টাকা-পয়সা লুট করাই ছিল উদ্দেশ্য এমনটাই দাবি করেছে অভিযুক্ত। নিউ গড়িয়ায় বৃদ্ধা বিজয়া দাসের খুনের ঘটনায় আয়ার ভূমিকা খতিয়ে দেখতে শুরু করেছিল পুলিশ। ওই বৃদ্ধ দম্পতির দেখাশোনা করতেন এক আয়া। ১৭ অগস্ট তিনি কাজে যোগ দিয়েছিলেন। স্থানীয় এক আয়া সেন্টারের সঙ্গে যুক্ত হয়েছিল সে। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত দম্পতির বাড়িতে থাকতেন। দক্ষিণ ২৪ পরগনার ওই আয়ার সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে পুলিশ। বৃহস্পতিবার যে সিসিটিভির ফুটেজ দেখা হয়েছে তাতে আয়াকে দেখা গিয়েছে। ফলে সন্দেহের তালিকায় সেই ছিল প্রাইম সাসপেক্ট।
তদন্তকারীরা জানতে পেরেছে পরিচারিকা এসেছিলেন। দম্পতিকে ডাকাডাকি করে না পেলে পাড়া-প্রতিবেশীদের তিনি ডাকেন। এরপর পাড়া-প্রতিবেশী ও পুলিশ এসে ওই বৃদ্ধার মৃতদেহ এবং বৃদ্ধকে অচৈতন্য অবস্থায় খাটের তলা থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। বৃদ্ধার গায়ে যা গয়না ছিল সেগুলো ছিল না। আর তাতেই অনুমান করা হয়েছে সম্পত্তি এবং গয়না হাতানোর লোভেই এই খুন করা হয়েছে। এরপরেই পুলিশ তদন্ত করে আয়ার বিষয়ে খোঁজ খবর নিয়ে পুরো বিষয়টি বুঝতে পারে। তারপরেই আয়াকে গ্রেফতার করা হয়েছে। আয়াকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গীর খোঁজ মেলে। তারপরেই ২জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে।