নিজস্ব প্রতিনিধি : পহেলগাঁও হামলার পর কেটে গিয়েছে ৫৫ দিন। গত ২২ এপ্রিল রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। জঙ্গিদের সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। এই হামলার বদলা হিসেবে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার বদলায় ধ্বংস হয়েছে ৯টি জঙ্গিঘাঁটি। কিন্তু তারপরেও একাধিক প্রশ্ন থেকে যায়। সেগুলো নিয়েই প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে ৫টি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।
নিজের এক্সহ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, পহেলাগাঁও হামলার ৫৫ দিনেরও বেশি সময় পেরিয়ে গেছে। এটা অত্যন্ত উদ্বেগের বিষয় পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন কেউ করেনি। তিনি সেই প্রশ্ন তুলছেন। তিনি প্রশ্ন করেছেন, সীমান্ত টপকে জঙ্গিরা ভারতে ঢুকে হামলা চালিয়ে পালিয়ে গেল। এটা কীভাবে সম্ভব? কী করে তারা ভারতে ঢুকতে পেরেছে? দেশের নিরাপত্তায় এই ব্যর্থতার দায় কার? কার কাছে এই ঘটনার সঠিক উত্তর মিলবে?
বিরোধীদের ওপর নজরদারি চালাতে যদি সরকার পেগাসাস ব্যবহার করে, তাহলে জঙ্গি ও সন্দেহভাজনদের উপর কেন পেগাসাস নয়। সন্ত্রাসী নেটওয়ার্ক ও সন্দেহভাজনদের উপর এই প্রযুক্তি ব্যবহার করতে বাধা কোথায়?’ পাশাপাশি তিনি বলেছেন, হামলার একমাস পরেই আইবি প্রধানের এক বছরের মেয়াদ বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। এই মেয়াদ বৃদ্ধি কেন করা হয়েছে সেই নিয়েও প্রশ্ন তুলেছেন।
আর কয়েকদিন পরেই সন্ত্রাসী হামলার ২ মাস পূর্ণ হবে। কিন্তু এখনো জঙ্গিরা অধরা। হামলা চালিয়ে তারা কোথায় গিয়েছে, এখন তাদের অবস্থান কোথায়, তারা জীবিত না মৃত সবটা কেন জানাচ্ছে না কেন্দ্র? কেন্দ্রীয় সরকার ওই জঙ্গিদের নিয়ে কোনও বিবৃতি দিচ্ছে না কেন?
অপারেশন সিঁদুর ও সন্ত্রাস দমনে ভারতের পদক্ষেপ নিয়ে সর্বদলীয় সংসদীয় দলের প্রতিনিধি হয়ে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া গিয়েছেন তিনি। সেখানে পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে শুধু পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে। ভারত কবে PoK পুনরুদ্ধার করবে? সেই প্রশ্ন তুলেছেন ডায়মন্ডহারবারের সাংসদ। অভিষেকের প্রশ্ন, ‘বাণিজ্যের প্রতিশ্রুতি দিয়ে সংঘর্ষবিরতি, কেন্দ্র এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি কেন?
অভিষেকের প্রশ্ন, ‘কটি দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে? পহেলগামের ঠিক পরেই IMF কী করে পাকিস্তানকে ১ বিলিয়ন এবং বিশ্বব্যাঙ্ক ৪০ বিলিয়ন ডলার অর্থ সাহায্য করল? যারা সীমান্ত পেরিয়ে সন্ত্রাস ছড়ায়, তারা কীভাবে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত হচ্ছে? দেশবাসী এই প্রশ্নের উত্তর জানতে চান।