নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাধীনতা দিবসে বাংলার জন্য উপহার। ৭৮তম স্বাধীনতা দিবসে দিল্লি থেকে সার্ভিস মেডেল পাচ্ছেন আইপিএস প্রবীণ ত্রিপাঠিসহ বাংলার ১৫ জন পুলিশ। মেডেল ফর মেরিটোরিয়াল সার্ভিস দেওয়া হচ্ছে পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগিকে। সারা জীবনের কর্ম ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্যই এই পুরস্কার দেওয়া হচ্ছে। প্রত্যেক বছরই স্বাধীনতা দিবসের আগে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে পুলিশ অগ্নিনির্বাপন বিভাগ হোমগার্ড, সিভিল ডিফেন্স সহ বিভিন্ন ক্ষেত্রে পরিষেবার জন্য গ্যালেন্ট্রি মেডেল, প্রেসিডেন্ট মেডেল ও মেডেল ফর মেরিটোরিয়াল সার্ভিস দেওয়া হয়।
এই বছরও তাঁর অন্যথা হচ্ছে না। চলতি বছর সর্বমোট ১ হাজার ৯০ জন পদক পাবেন। তার মধ্যে ২৩৩ জন পাচ্ছেন গ্যালান্ট্রি মেডেল, ৯৯ জন পাচ্ছেন প্রেসিডেন্ট মেডেল এবং মেরিটোরিয়াল সার্ভিস এর জন্য স্বীকৃতি দেওয়া হচ্ছে ৭৫৮ জনকে। বাংলা থেকে মেরিটোরিয়াস সার্ভিসের জন্যই পদক পাচ্ছেন মোট ১৫ জন।
এদের মধ্যে রয়েছেন প্রবীণ ত্রিপাঠী, অমিত পি জাভালগি, রাজ্যের ডেপুটি পুলিশ সুপার প্রিয়ব্রত বক্সী, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ দেবাংশু দাশগুপ্ত, ইনস্পেক্টর কোহিনূর রায়, সাব-ইনস্পেক্টর স্বপনকুমার রায়, সাব-ইনস্পেক্টর সুব্রত সেন, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর শুভময় মিত্র, সাব-ইনস্পেক্টর আনন্দ মণ্ডল, কনস্টেবল স্বরূপ বসাক, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর আসমানারা বেগম, কনস্টেবল মানিক বড়ুয়া, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর মহম্মদ আফতার হোসেন ও সাব-ইনস্পেক্টর রাজীব দাস। এছাড়া রাষ্ট্রপতি পদক পাচ্ছেন আইপিএস ত্রিপুরারি অথর্ব।
শুধুমাত্র যে কেন্দ্রীয় তরফে এই পুরস্কার করা হবে তা নয়, রাজ্যের পক্ষ থেকেও এদের সম্মান জানানো হবে। স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ই আগস্ট সেই প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। চলতি বছরের চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস পাচ্ছেন আইজি (মালদা রেঞ্জ) দীপনারায়ণ গোস্বামী, গৌরব শর্মা, মিরাজ খালিদ, দেবস্মিতা দাস। চিফ মিনিস্টার পুলিশ মিডিয়ার ফর কমেনডেবল সার্ভিস পাচ্ছেন ঝাড়্গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা, বাঁকুড়ার এসআই ঈশ্বর সোঁরেন।