নিজস্ব প্রতিনিধি, গোপালনগর : পরিচারিকার কাজ নিয়ে গিয়েছিলেন মুম্বাইতে মহিলা। সেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে উত্তর ২৪ পরগনার গোপালনগরের বাসিন্দাকে আটক করে মুম্বই পুলিশ। পরে নাগরিকত্বের প্রমাণ পেয়ে তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার গোপালনগরের বাসিন্দা পারভিনা বিবি। দুই সপ্তাহ আগে পরিচারিকার কাজ নিয়ে মুম্বাই গিয়েছিলেন তিনি। সেখানে বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে তাকে আটক করে মুম্বই পুলিশ। এরপরে খবর দেওয়া হয় গোপালনগর থানায়। স্থানীয় পুলিশ পারভিনার বাড়িতে গিয়ে ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখে মুম্বই পুলিশকে জানায়। বিস্তারিত তথ্য পাওয়ার পরেই পারভিনা বিবিকে মুক্তি দিয়েছে মুম্বই পুলিশ। এর আগেও গোপালনগরের আকাইপুরের এক যুবককে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। এবার ফের আরও একজনকে আটক করার খবর সামনে েসেছে।
ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পুলিশের হাতে হেনস্তার অভিযোগ বারবার সামনে আসছে। বাংলার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্তার শিকার হচ্ছেন বলে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হবেন বলেও জানিয়েছেন তিনি। হরিয়ানা উড়িষ্যার রাজস্থান সহ বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে আটক করা হচ্ছে। কোথাও কোথাও পুশ ব্যাকের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে।
পারবিনা বিবি জানিয়েছেন, মুম্বইতে গিয়েছিলেন কাজ করতে। তাঁর বাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বাড়ি হওয়ার জেরে তাঁকে জেরার মুখে পড়তে হয়। ছাড়ার আগে তাঁকে মুচলেখা লিখিয়ে নেওয়া হয়েছে।