নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই নিখোঁজ হয়ে গেলেন শিলিগুড়ির এক স্বর্ণ ব্যবসায়ী। গ্যাংটকে যাওয়ার পথে তিনি নিখোঁজ হয়ে যান। জানা গিয়েছে, ওই ব্যক্তি হলেন ৪২ বছরের কাঞ্চন প্রসাদ। তিনি শিলিগুড়ির চম্পাসারি সংলগ্ন দেবীডাঙ্গার বাসিন্দা। তাঁর খোঁজ মিলছে না গত ২১ নভেম্বর থেকে।
নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী প্রধান নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আর সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে অপহরণের মামলা। এই পুরো ঘটনাটি নিয়ে প্রধানগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সুত্রে খবর, শুক্রবার সকালে সেবক স্টেশনের কাছে তাঁর ফাঁকা গাড়ি উদ্ধার করা হয়েছে। তবে কাঞ্চনের মোবাইল বন্ধ থাকায় লোকেশন পাওয়া যাচ্ছে না। তবে ফোন বন্ধ হওয়ার আগে গত ২১ নভেম্বর কাঞ্চনের শেষ অবস্থান ছিল সেবক রেলস্টেশন। এরপর থেকেই মিলছে না খোঁজ।
এই ঘটনা নিয়ে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সোনার গয়না বন্ধক রেখে সুদে টাকা খাটাতেন কাঞ্চন। সেইজন্য তাঁর বাজারে ছিল অনেকটাই দেনা। শিলিগুড়ির বাজারে প্রায় কোটি টাকা দেনা ছিল তাঁর। ২১ তারিখ বেশ কয়েকজনকে টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। এরপর থেকেই নিখোঁজ হয়ে যান কাঞ্চন। তিনি অপহৃত হয়েছেন না গা ঢাকা দিয়েছেন তা এখন স্পষ্ট নয় । এই পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।