নিজস্ব প্রতিনিধি, ধূপগুড়ি : মায়ের ঘরে ফেরার অপেক্ষায় ২ বছরের শিশু। ধূপগুড়ির কুর্শামারীর এলাকার বাসিন্দা উন্নতি রায় বছর দুয়ের পুত্র সন্তানকে বাড়িতে রেখে বেরিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরেননি। বাড়ির লোক অনেক খোঁজ করেও লাভ হয়নি। মায়ের জন্য খাওয়া দাওয়া ছেড়ে কেঁদেই চলেছে ছোট্ট শিশুটি। মায়ের একটি ছবি আকড়ে বসে রয়েছে সে। দু চোখ ভরা জল নিয়ে অপেক্ষায়, মা কখন আসবে।
জানা গিয়েছে, গত ১৪ মে বাড়ি থেকে বেরিয়ে ঘরে ফেরেনি ধূপগুড়ির কুর্শামারীর অন্তর্গত ময়নাগুড়ি থানার গৃহবধূ উন্নতি রায়। পাঁচবছর আগে এলাকার গোবিন্দ রায়ের সঙ্গে প্রেম করে বিয়ে হয় কৃষ্ণনগরের ধর্মতলা এলাকার উন্নতি রায়ের। তাদের দুই বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। কিছুদিন আগে এই গৃহবধূ বাপের বাড়ি যান। এরপর আচমকাই বাড়ি থেকে উধাও হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর হদিশ পায়নি পরিবারের লোকজন। তাঁকে না পেয়ে অবশেষে পরিবারের সদস্যরা ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এখানেই প্রশ্ন উঠছে, এই ঘটনার সঙ্গে কী কোনওভাবে পরকীয়া সম্পর্ক জড়িত? নাকি বড় কোনও বিপদে পড়েছে সে? ছোট্টো ছেলেকে বাড়িতে রেখে কীভাবে চলে গেল?
পরিবারের দাবি, রিল ও ভিডিও বানাত উন্নতি। মাঝে মধ্যেই সেই রিল বানানো নিয়ে ব্যস্ত থাকত উন্নতি। মা না থাকায় দুই বছরের শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়ছেন স্বামী গোবিন্দ রায়। কাজে যাবেন নাকি ছেলেকে দেখবেন সেই নিয়ে ভেবেই কুল কিনারা পাচ্ছেন না তাঁরা। মায়ের ছবির দিকে উদাস হয়ে তাকিয়ে সারাদিন বাড়ির লোকজনদের প্রশ্ন করেই চলেছে শিশুটি, মা কবে ফিরবে?