নিজস্ব প্রতিনিধি : দুটি গাড়ি একে অপরের ওভারটেককে ঘিরে বচসা। এই বচসার জেরেই গাড়ি ভাঙচুরের ঘটনা থেকে বন্দুক উঁচিয়ে ভয় দেখানোর ঘটনা ঘটেছে। যার জেরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়াল কোনা এক্সপ্রেসে।
ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে বৃহস্পতিবার ধর্মতলার জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেখানে যোগ দেওয়ার জন্য এক দল আন্দোলনকারী গাড়ি করে আসছিলেন কলকাতার উদ্দেশ্যে। কোনা এক্সপ্রেসওয়ে ধরে একই পথে আসছিল দীপক গড়াই নামে আসানসোলের এক ব্যবসায়ীর গাড়ি। সেখানেই একটি গাড়ি অন্যটিকে ওভারটেক করার চেষ্টা করে। কোন গাড়ি আগে যাবে, কে কাকে টেক্কা দেবে, এই সমস্ত করতে গিয়েই বেধেছে গোল। এই ওভারটেক করা নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা-লড়াই। সেই বচসা এতাই বড় আকার ধারন করে যে, গাড়ি ভাঙচুর করার মতো পরিস্থিতিতে পৌঁছে যায়। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর গাড়িতে দু’জন সশস্ত্র নিরাপত্তাকর্মী ছিলেন। অভিযোগ উঠেছে, ব্যবসায়ীর গাড়িতে থাকা দুই নিরাপত্তাকর্মী মিছিলে যোগ দিতে আসা ব্যক্তিদের বন্দুক উঁচিয়ে ভয় দেখান। অপরপক্ষ চুপ করে বসে না থাকাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিলের অংশগ্রহণকারীরা ওই ব্যবসায়ীর গাড়ির ওপর হামলা চালায়।গাড়িটি ভাঙচুর করে বলে অভিযোগ। গাড়ি ভাঙচুর হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশবাহিনী এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জগাছা থানা সূত্রে খবর, ব্যবসায়ীর দুই নিরাপত্তাকর্মীর বন্দুরকের লাইসেন্স পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই দুই নিরাপত্তা কর্মীর বন্দুকের লাইসেন্স আছে। এরপরেই গাড়ি ভাঙচুর-এর ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।