নিজস্ব প্রতিনিধি: ফুটবল অনুশীলনে গিয়ে আর ফেরা হলনা বাড়ি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ১১ বছরের কিশোরের মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার(Birbhum District) সাঁইথিয়া পুরসভা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় মাঠে দৌড়ানোর সময় আচমকা পড়ে যায় সে। এরপর তড়িঘড়ি ওই কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুঃখের বিষয়, শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা ওই বালককে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ বছর শেষেই সুখবর! উদ্বোধনের দোরগোড়ায় ঝাঁ চকচকে কালীঘাট স্কাইওয়াক
জানা গিয়েছে, মৃত কিশোরের নাম আদিত্য চক্রবর্তী। তাঁর বাড়ি সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বিগত প্রায় চার বছর ধরে স্থানীয় কামদা কিঙ্কর স্টেডিয়ামে নিয়মিত ফুটবল অনুশীলন করত আদিত্য। গতকাল শুক্রবারেও মামা রবীন সিংয়ের সঙ্গে অনুশীলনে যায় ছোট্ট ছেলেটি। অন্যান্য দিনের মতো মাঠে দৌড় শুরু করে সে। কিন্তু কিছুক্ষণ দৌড়ানোর পরই আচমকা মাঝমাঠে দাঁড়িয়ে যায় আদিত্য। তারপরই মাটিতে লুটিয়ে পড়ে সে।
আরও পড়ুনঃ অগ্নিগর্ভ সিরিয়ায় যুদ্ধে জড়াল হিজবুল্লাহ, দারা শহরের দখল নিল বিদ্রোহীরা
এরপরই আদিত্যর দিকে ছুটে যায় তাঁর মামা সহ আরেক অনুশীলনকারী। তাঁরা তড়িঘড়ি আদিত্যকে সাঁইথিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা আদিত্যকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানা না গেলেও পরিবারের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে আদিত্যর। মাঠের সেই অনুশীলনকারী জানান, ‘আমি আর ওর মামা মাঠেই বসেছিলাম। দৌড়তে গিয়ে ও হঠাৎ দাঁড়িয়ে পড়ে, মাঠে পড়ে যায়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ওকে বাঁচানো যায়নি।’ কিশোরের অকালমৃত্যুতে শোকের ছায়া পরিবারে।