নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সরকারি চাকরিতে সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতে শুরু হওয়া আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ। আন্দোলন ভাঙার নামে পুলিশের এলোপাথাড়ি গুলিতে গত তিনদিনে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবারও আন্দোলনকারীদের সঙ্গে বিভিন্ন জায়গায় পুলিশের সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মোবাইল-ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানী ঢাকায় সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। যদিও সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই আন্দোলনকারীদের সমর্থনে মুখ খুলছেন বিভিন্ন পেশার বিশিষ্টজনরা। এবার সেই তালিকায় নাম লেখালেন বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার ফুটবলার এনজো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার আক্রান্ত শিক্ষার্থীদের জন্য প্রার্থনা জানিয়ে পোস্ট দিয়েছেন।
কাতার বিশ্বকাপে আকাশি-সাদা জার্সিধারীদের বিপুল সমর্থন জানিয়েছিলেন বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা। আর বাংলাদেশি সমর্থকদের বিপুল সমর্থনে আপ্লুত হয়ে পড়েছিলেন লিওনেল মেসিরা। বিপুল সমর্থনের জন্য বাংলাদেশের ফুটবল সমর্থকদের বিশেষ ধন্যবাদও জানিয়েছিল আর্জেন্টিনা ফুটবল সংস্থা। গত কয়েকদিন ধরে সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দৌলতে পৌঁছে গিয়েছে বিশ্বের প্রতিটি কোনায়। আর একের পর পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর খবর জানতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া এনজো ফার্নান্দেজ।
শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে করা পোস্টে ২৩ বছর বয়সী আর্জেন্টাইন তারকা ফুটবলার লিখেছেন, ‘বাংলাদেশে থাকা যেসব মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন, তাঁদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইল।’ পোস্টের সঙ্গে বাংলাদেশ ও আর্জেন্টিনার জাতীয় পতাকাও জুড়ে দিয়েছেন এনজো।