নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় ফুটবল সংস্থাকে ফিফায় টেনে নিয়ে গেল ইগর স্তিমাচ। ভারতের প্রাক্তন কোচ দাবি করেছে, এআইএফএফ-এর সঙ্গে তাঁর ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তার আগেই তাঁকে ছাঁটাই করা হয়েছে। তাই ফিফার কাছে ২০২৬ সাল পর্যন্ত বেতন দাবি করলেন স্তিমাচ। আর এই দাবি মানতে হলে তাঁকে সাড়ে ৭ কোটি টাকা দিতে হবে এআইএফএফ-কে ।
এই প্রসঙ্গে তিনি জানান, ‘ পুরো বিষয়টি আমার আইনজীবী দেখছে। আমি আত্মবিশ্বাসী এই মামলায় জয়ী হব।‘ বলা বাহুল্য, চলতি বছর বহিষ্কার করার পর তিন মাসের বেতন দিতে চেয়েছিল এআইএফএফ। কিন্তু তাতে তিনি অপমানিত হচ্ছেন বলে দাবি করে সেই বেতন নিতে অস্বীকার করেছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে ভারতের কোচ ছিলেন স্তিমাচ। গত পাঁচ বছরে তাঁর বিরুদ্ধে অভিযোগ ভারতীয় ফুটবলে নতুন প্রজন্ম তৈরিতে ব্যর্থ। দিতে পারেননি কোনও উল্লেখযোগ্য ট্রফি। তাই চলতি বছর জুন মাসে ভারতীয় ফুটবলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ইগর স্তিমাচকে। সেই সময় বিব্রতিতে বলা হয়েছিল, এখন থেকে ভারতীয় দলের আর কোচ নন স্তিমাচ। বিশ্বকাপের যোগ্যতা পর্বের তৃতীয় রাউন্ডে উঠতে পারেনি ভারত। এরপরেই ভারতের প্রাক্তন কোচ স্পষ্টভাবে বলে দিয়েছিলেন, এই ঘটনা নিয়ে তিনি ভারতীয় ফুটবল সংস্থাকে ফিফায় টেনে নিয়ে যাবেন। আর সেটাই করলেন ইগর স্তিমাচ।