নিজস্ব প্রতিনিধি: হঠাৎ-ই বিপাকের মুখে মোহনবাগান দল। এই মুহূর্তে কোনও দেশি ফুটবলার সই করাতে পারবে না এই দল। জানা গিয়েছে, সোমবার মোহনবাগানের কাছে এমনই একটি নির্দেশিকা আসে ফিফা’র তরফ থেকে।
সূত্রে জানা গিয়েছে, ফুটবল অন্দরমহলের কিছু সমস্যার জন্যই এই নির্বাসন। মনে করা হচ্ছে এক সপ্তাহের মধ্যে সেই নির্বাসন উঠে যাবে। তবে ফিফার এই চিঠিকে ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
জানা গিয়েছে, সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ) মারফৎ এই নির্বাসনের চিঠি পাঠায় ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি। সূত্রের খবর, অস্ট্রেলীয় ফুটবলার জেসন কামিংসকে ঘিরেই এই সমস্যার সূত্রপাত হয়। কামিংসকে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে ট্রান্সফার ফি-তে মোহনবাগানে সই করানো হয়। ওই চুক্তি অনুযায়ী ‘ট্রেনিং কম্পেনসেশন ফি’ মোহনবাগানের তরফ থেকে তাঁদের দেওয়ার কথা। চুক্তি অনুসারে, মোহনবাগানে যে বিদেশি প্লেয়ারই নিয়ে আসা হোক না কেন, তাঁর আগের ক্লাবকে ফুটবলারের ‘ট্রান্সফার ফি’ তাঁর অ্যাকাডেমিকে দিতে হবে। জানা গিয়েছে কামিংসকে সই করানোর পর সেই অর্থ জমা না পড়ায় ফিফা মোহনবাগানকে চিঠি পাঠায়। সেই কারণেই মোহনবাগানকে খেলোয়াড় সই করানো থেকে নির্বাসিত করা হয় বলে খবর।
মোহনবাগান সূত্রে খবর, প্রথম বার এই অর্থ দিতে পারেনি মোহনবাগান। সেই কারণেই এই ক্লাব তার পরের বছরই ফিফা ক্লিয়ারিং হাউসে জানিয়ে বকেয়া টাকা মিটিয়ে দিয়ে চেষ্টা করেছিল। কিন্তু সেই সময় ফিফার তরফ থেকে কোনও উত্তর আসে না। তার পরে মোহনবাগান বার বার ফিফার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়। দু’বার চিঠিও পাঠায় তাঁদের কিন্তু তাও কোনও উত্তর আসে না।
জানা গিয়েছে, নির্বাসনের খবর কানে আসতেই ফিফার সঙ্গে পুনরায় যোগাযোগ করার চেষ্টা করে মোহনবাগান। মোহনবাগানকে ১০-১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে জানা যায়।