নিজস্ব প্রতিনিধি : চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দুর্দান্ত অধিনায়কত্ব করেছেন স্মিথ। ব্যাটিংও করেছেন দারুণ। আচমকাই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটসম্যান। প্রশ্ন উঠছে ভারতের কাছে হারের পরই কী ODI থেকে অবসরের সিদ্ধান্ত? তা অবশ্য ব্যাখা করেন নি অস্ট্রেলিয়ার অধিনায়ক। তবে সুর নরম করে জানিয়েছেন,‘এটাই সঠিক সময়’।
বুধবার(৫ মার্চ)সকালে একটি বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, ‘এটাই সরে যাওয়ার সঠিক সময় বলে মনে হয়েছে।এই সফরটা দুর্দান্ত ছিল।আর সেটার প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি আমি।অস্ট্রেলিয়ার জার্সি গায়ে খেলার সময় বহু স্মৃতি তৈরি হয়েছে। আর তার মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ জয়ের স্মৃতি একেবারে উজ্জ্বল হয়ে থাকবে।’এই প্রসঙ্গে বলা ভাল অস্ট্রেলিয়ার জার্সি গায়ে দিয়ে ২০১৫ ও ২০২৩ সালের বিশ্বকাপ জিতেছিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটসম্যান।
৩৫ বছর বয়সী এই ব্যাটার শেষবারের মতো অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। তবে চেষ্টা করেও হার এড়াতে পারেননি। তবে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন স্মিথ। এখনও পর্যন্ত স্মিথ ১৭০টি একদিনের ম্যাচ খেলেছেন। ব্যাটিং করেছেন ১৫৪টি ইনিংসে।২০ বার নট-আউট করেছেন। মোট ৫,৮০০ রান করেছেন। সর্বোচ্চ ১৬৪ রান করেছেন। গড় ৪৩.২৮। স্ট্রাইক রেট ৮৬.৯৬। ১২টি শতরান করেছেন।