নিজস্ব প্রতিনিধি: চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে নিউজিল্যান্ড। আর দলের ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে নিয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন কেন উইলিয়ামসন। সাদা বলে তিনি আর নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন না বলে বুধবার ঘোষণা করেছেন। সেই সঙ্গে ২০২৪-২৫ সালে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও স্বাক্ষর করতে অস্বীকার করেছেন উইলিয়ামসন।
২০১১ সালে নিউজিল্যান্ডের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল কেন উইলিয়ামসন। তার পরে নিজের পারফরম্যান্সের জোরেই টি টোয়েন্টি, ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেটে কিউই দলে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি কিউইদের অধিনায়কত্বের দায়িত্বও সামলেছেন। তাঁর নেতৃত্বেই ভারতকে হারিয়ে আইসিসি’র প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল নিউজিল্যান্ড। ভারতের মাটিতে গত বছর একদিনের বিশ্বকাপে চোটের কারণে প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারেননি উইলিয়ামসন। দীর্ঘদিন ধরেই চোট সমস্যায় জর্জরিত তিনি।এই মুহুর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা চার ব্যাটারের একজন হিসেবে মনে করা হয় উইলিয়ামসনকে।
টি টোয়েন্টি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের জেরে সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও উইলিয়ামসন জানিয়ে দিয়েছেন, আপাতত ক্রিকেটকে আলবিদা জানানোর কোনও ইচ্ছে তাঁর নেই। যত দিন সুযোগ পাবেন দেশের হয়ে খেলবেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে কেন জানিয়েছেন, অন্য দেশের টি টোয়েন্টি লিগ চুটিয়ে খেলার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন।