নিজস্ব প্রতিনিধি: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গিয়েছিলেন গুজরাত টাইটান্সের বোলিং আক্রমণের অন্যতম স্তম্ভ তথা প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা। তার দেশে ফেরার কারণ হিসাবে গুজরাতের তরফে জানানো হয়েছিল, ব্যক্তিগত কারণেই দেশে ফিরে গিয়েছেন রাবাডা। কিন্তু কথায় বলে না সত্য কখনও চাপা থাকে না। এবার রাবাডার দেশে ফেরা নিয়ে আসল তথ্য প্রকাশ হয়েছে। আর তাও বেশ চমকে ওঠার মতো। জানা গিয়েছে, নিষিদ্ধ ওষুধ খেয়ে নির্বাসিত হওয়ার কারণেই দেশে ফিরেছিলেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার। আর নিজেই এক বিবৃতি জারি করে ওই চমকে ওঠার মতো তথ্য প্রকাশ করেছেন গুজরাত টাইটান্সের বোলার।
বিবৃতিতে রাবাডা বলেছেন, ‘আমি সম্প্রতি ব্যক্তিগত কারণে আইপিএল থেকে দক্ষিণ আফ্রিকা ফিরে এসেছি। কিন্তু সত্যি হল, একটি বিনোদনমূলক ওষুধ ব্যবহারের জন্য নির্বাসিত হয়েই দেশে ফিরেছিলাম।’ নিজের কৃতকর্মের জন্য গুজরাতের সমর্থক ও অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেছেন, ‘যাদের আমি হতাশ করেছি তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমি ক্রিকেট খেলার সুযোগকে কখনই হালকাভাবে নেব না। এই সুযোগ আমার কাছে অনেক বড়। আমি একটি অস্থায়ী নির্বাসন ভোগ করছি এবং আমি ফের ক্রিকেটে ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি’।
তাঁকে যেন মাদক নেওয়ার কারণে খলনায়ক হিসাবে বিচার না করা হয়, সেই আর্জি জানিয়ে প্রোটিয়া পেসার বলেছেন, ‘আশা করি, আগামী দিনে এই ঘটনা দিয়ে আমাকে বিচার করা হবে না। আমি, ক্রমাগত কঠোর পরিশ্রম করব এবং ক্রিকেটের জন্য নিজেকে উজাড় করে দেব।’