নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডের জয়োল্লাসে থেমে গেল জকোভিচের খেলা। ইউরো কাপে যখন সুইজারল্যান্ডের মুখোমুখি ইংল্যান্ড, তখন উইম্বলডনের সেন্টার কোর্টে খেলতে নেমেছেন টেনিস তারকা নোভাক জকোভিচ। কিন্তু আচমকাই উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। কিন্তু এই জযোল্লাস টেনিস খেলার জন্য নয়। ইংল্যান্ডের সুইসদের বিরুদ্ধে ইউরো কাপে জয়ের জন্য। পুরো বিষয়টি উপভোগ করেছেন জকোভিচ। তাঁকে ড্যামি পেনাল্টি শট নিতে দেখা গিয়েছে।
উইম্বলডনে তৃতীয় রাউন্ডে নোভাক জকোভিচ মুখোমুখি হয়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই পপিরিনের। ম্যাচের দ্বিতীয় সেট চলাকালীন আচমকা খেলা থামিয়ে দিতে হয়। আচমকাই দর্শকদের হর্ষধ্বনিতে খেলা থেমে যায়। সেই সময় মজা করে হাসতে হাসতে জকোভিচকে বাঁ পায়ে ড্যামি পেনাল্টি শট নিতেও দেখা যায়। জকোভিচের সঙ্গে খুঁনসুটিতে যোগ দেন পপিরিনও। ম্যাচ শেষে হ্যারি কেইনদের শুভেচ্ছা দিতেও দেখা যায় জকোভিচকে। এই প্রসঙ্গে তিনি জানান, ‘অভিনন্দন ইংল্যান্ড। আমিও পেনাল্টিতে বাঁ পায়ে একটি শট নেওয়ার চেষ্টা করেছি। অ্যালেক্সেই খুব ভালোভাবেই ডিফেন্ড করেছে।‘
শেষ পর্যন্ত অবশ্য হাস্যরস থামিয়ে ফের খেলা শুরু হয়। তৃতীয় রাউন্ডের এই খেলায় চতুর্থ সেটে জয় লাভ করেন জকোভিচ। অস্ট্রেলিয়ার খেলোয়াড় পপিরিনকে ৩-১-এর ব্যবধানে হারায় এই টেনিস তারকা।