নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডে সিরিজ খেলতে যাওয়ার পর থেকে শুরু হয়েছে বিতর্ক। লর্ডসের পর এবার ওভাল টেস্টেও বল বিতর্ক। ভারতের পক্ষ থেকে অভিযোগ,ইংল্যান্ডকে সুবিধা করে দিতেই বল পরিবর্তন করা হচ্ছে। বল পরিবর্তনের নিয়মে অখুশি ভারত। ম্যাচ রেফারির কাছে সরকারিভাবে এই অভিযোগ জানিয়েছে ভারত।
জানা গিয়েছে, ইংল্যান্ডে এই সিরিজের ক্ষেত্রে বার বার বলের মাপ বদলে গিয়েছে। লর্ডসে ইংল্যান্ডের প্রথম ইনিংসের সময় বল বদল করা হয়েছিল ১০ ওভারের পর। কিন্তু বল দেওয়া হয়েছিল ৩০-৩৫ ওভারের পুরানো। নিয়ম অনুযায়ী যত ওভার খেলা হয়, তত ওভারের পুরানো বল দিতে হয়। কিন্তু ১০ ওভারের পুরানো বল না থাকার কথা বলে বেশি ওভারের বল দেওয়া হয়েছিল। যারফলে সুইং বা সিম কিছুই ছিল না। রানের সুবাদে ইংল্যান্ড ম্যাচটাও ২২ রানে জেতে। বল বদলানোর পর থেকেই ম্যাচটা ঘুরতে শুরু করেছিল বলে অভিযোগ। এই বিষয়ে আইসিসি-র হস্তক্ষেপ করা দরকার বলেও জানিয়েছে ভারত। জানা গিয়েছে, প্রতি টেস্টের আগে বল বাছাই করার নিয়মের দিকে নজর দেওয়া উচিৎ আইসিসি-র। কারণ খেলার আয়োজক দেশের চতুর্থ আম্পায়ার ম্যাচ শুরু আগে বল নিয়ে দুই দলের কাছে যান। সেখানে ম্যাচ রেফারি না থাকায় ফায়দা তুলছে ইংল্যান্ড।
ভারতের দাবি, ম্যাচ রেফারি বল বাছাইয়ের সময় হাজির না থাকায় নিজেদের ইচ্ছেমত বিষয়ে বদল করতে পারছে। তাই সাজঘরে বল বাছাই না করে রেফারির ঘরে বল বাছাই করার নিয়ম চালু করা হোক।