নিজস্ব প্রতিনিধি মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে সম্মানের লড়াইয়ে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। ইতিমধ্যেই টস হয়ে গিয়েছে। টসে জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ইতিমধ্যেই দুই দলের প্রথম একাদশের তালিকা প্রকাশ করা হয়েছে। মুম্বইয়ের হয়ে প্রথম একাদশে নেই রোহিত শর্মা। আগের ম্যাচ থেকে বাদ পড়েছেন মুজিব-উর রহমানও। পরিবর্তে এসেছেন উইল জ্যাকস ও অশ্বনী কুমার। চোট সারিয়ে কলকাতা দলে ফিরেছেন সুনীল নারাইন।
চলতি আইপিএলে দুই দলই ইতিমধ্যে দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। কলকাতা প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। অন্যদিকে মুম্বই প্রথম ম্যাচে চেন্নাইয়ের কাছে ও দ্বিতীয় ম্যাচে গুজরাতের কাছে হেরেছে। ফলে খানিকটা হলেও চাপ নিয়ে আজ মাঠে নামবেন হার্দিক পাণ্ড্য-রোহিত শর্মারা।যদিও মুখোমুখি সাক্ষাতের নিরিখে কলকাতার চেয়ে কয়েক যোজন এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত মোট ৩৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে মুম্বই জিতেছে ২৩ বার। কলকাতা ১১ বার। মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার সর্বোচ্চ স্কোর ২৩২ আর সর্বনিম্ন ৬৭। উল্টোদিকে কলকাতার বিরুদ্ধে মুম্বইয়ের সর্বোচ্চ রান ২১০ এবং সর্বনিম্ন ১০৮। গত বছর আইপিএলে দুই দলের মধ্যে দু’বার সাক্ষাৎ হয়েছিল। দুই ম্যাচেই জয়ী হয়েছে নাইটরা। এক ম্যাচে জয়ী হয়েছে ২৪ রানে। অন্য ম্যাচে ১৮ রানে। ফলে আজকের ম্যাচে মধুর প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে যেমন ঝাঁপাবে মুম্বই, তেমনই জয়ের সরণিতে থাকতে চাইবেন অজিঙ্ক রাহানেরা।
কেকেআরের প্রথম একাদশ
কুইন্টন ডি কক, সুনীল নারাইন, অঙ্গকৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, স্পেন্সার জনসন, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ
রায়ান রিকেলটন, উইল জ্যাকস, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, নমন ধীর, হার্দিক পাণ্ড্য, মিচেল সান্তনার, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, ভিগনেশ পুথুর ও অশ্বনী কুমার।