নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: দীর্ঘ ১৭ বছর পর শাপমোচন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আইপিএলের সদ্য সমাপ্ত মরশুমে সেরার শিরোপা পেয়েছে তারা। বুধবারের ম্যাচ শেষে বিরাটের আনন্দের অশ্রু দেখেছেন সবাই। এর আগে তিনবার ফাইনালে উঠেও ভাঙা মন নিয়ে ফিরতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। অবশেষে হল স্বপ্নপূরণ।
আরসিবি ভক্তরাও তাই মেতে রয়েছেন উদযাপনের আনন্দে। একটি ইনস্টাগ্রাম ভিডিও ইন্টারনেটে ঝড় তুলেছে। সেখানে দেখা যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দীর্ঘ প্রতীক্ষিত আইপিএল জয়কে এক অবিস্মরণীয় উপায়ে উদযাপন করছেন এক অদম্য ভক্ত।
ইনস্টাগ্রাম ইউজার ‘পিএম বিহারি ফান’-এর শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক কট্টর আরসিবি ভক্ত সাক্ষাৎকার দিচ্ছে। সাক্ষাৎকারের মাধ্যমে এক নাটকীয় ঘোষণা করছেন তিনি।
ক্লিপটিতে ওই ব্যক্তি প্রথমে দাবি করেন যে তিনি আরসিবি দলের একজন কট্টর অনুরাগী। তাঁর আদর্শ বিরাট কোহলি। বহুপ্রতীক্ষিত জয় এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। সেই জয় উদযাপনের জন্য ওই ব্যক্তি লক্ষ লক্ষ টাকার মিষ্টি বিতরণ করেছেন বলে দাবি তাঁর।
গর্ব এবং আবেগ মিশ্রিত কণ্ঠে ওই ব্যক্তি জানান যে দীর্ঘ প্রতীক্ষার পর তিনি বাবা হয়েছেন। এটিই তাঁর প্রথম সন্তান এবং যথেষ্ট বয়সের সন্তান। এত দেরি করে সন্তান নিলেন কেন, জিজ্ঞাসা করায় তিনি বলেন, “হাম কসম খায়ে থে কি জিস দিন বিরাট কোহলি আইপিএল মে ট্রফি লায়েগা, উসি দিন হাম বাপ বানেঙ্গে। অর আজ ভো বিরাট কোহলি কাপ লা রাহা হ্যায়। হাম বাপ বানেঙ্গে। বেটে কা নাম বিরাট কোহলি রাখেঙ্গে।” (আমি প্রতিজ্ঞা করেছিলাম যেদিন বিরাট কোহলি আইপিএল ট্রফি ঘরে আনবে্ন, সেদিনই আমি বাবা হব। আর আজ, বিরাট কোহলি কাপ এনেছেন। আমি বাবা হব – এবং আমরা আমাদের ছেলের নাম বিরাট কোহলি রাখব)।”
এই কথাগুলি বলার সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন স্ত্রী এবং এক আত্মীয়। যদিও এই কথোপকথনের সত্যতা এখনও স্পষ্ট নয়। হতে পারে ভিডিওটি কমিক এফেক্টের জন্য তৈরি। তবে এমন নাটকীয় ঘোষণা ক্রিকেট ভক্ত এবং মিম মেকার- উভয়েরই মনে দাগ কেটেছে। রিলটি দ্রুত ভাইরাল হয়েছে। তেমন পেয়েছে হাজার হাজার ভিউ। অনেকেই শেয়ার করেছেন রিলটি।