নিজস্ব প্রতিনিধি: ইংল্যান্ডের বিরুদ্ধে ‘বাঁচা-মরা’র লড়াইয়ে করুণ নায়ার বাদে ব্যাট হাতে চরম ব্যর্থ বাকি ভারতীয় ব্যাটাররা। গাস অ্যাটকিনসন ও জশ টংয়ের আগুনে বোলিংয়ের মুখে ওভালে শেষ তথা পঞ্চম টেস্টে ২২৪ রানে শেষ হয়ে গেল শুভমন গিলদের প্রথম ইনিংস। গাস অ্যাটকিনসন ৫টি এবং টং তিনটি উইকেট নিয়েছেন। মাত্র ২০ রান যোগ হতে না হতেই শেষ চার উইকেট খুঁইয়েছে টিম ইন্ডিয়া। ফলে ফের একবার ভারতীয় কোচদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
ওভালে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টের প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার ৬ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করেছিল ভারত। অপরাজিত ব্যাটসম্যান হিসাবে সাজঘরে ফিরেছিলেন করুণ নায়ার (৫৩)ও ওয়াশিংটন সুন্দর (১৯)। বড় রানের ইনিংস গড়ার জন্য দু’জনের দিকে তাকিয়ে ছিল ভারতীয় টিম ম্যানেজেমেন্ট। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ব্যক্তিগত স্কোরে চার রান যোগ করেই সাজঘরে ফিরে যান করুণ (৫৭)। জশ টংয়ের সোজা বল খেলতেই পারলেন না তিনি। লেগ বিফোর হয়ে সাজঘরে ফিরে যান। পাঁচ বলের মাথায় ফের ধাক্কা খায় ভারত। অ্যাটকিনসনের বলে জেমি ওভার্টনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ওয়াশিংটন সুন্দর (২৬)।
দুই সেট হওয়া ব্যাটসম্যান পর পর ফিরে যাওয়ায় চরম বিপাকে পড়ে যায় ভারতীয় দল। নিচের সারির ব্যাটাররা চমৎকার কিছু করবেন, তা আশা করেনি কেউ। আর হয়ওনি। অ্যাটকিনসনের বলে পর পর সাজঘরে ফেরেন মোহাম্মদ সিরাজ (০) ও প্রসিদ্ধ কৃষ্ণা (০)। ২২৪ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। সবচেয়ে বিস্ময়ের হল দ্বিতীয়দিন মাত্র ২৭ মিনিট ক্রিজে থিতু হয়েছিলেন ভারতের ব্যাটাররা। ৫ ওভার ৪ বল খেলে ২০ রানে চার উইকেট হারিয়েছে।