নিজস্ব প্রতিনিধি: আগামিকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) থেকে ওভালে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম তথা টেস্ট ম্যাচ। সিরিজ হারের লজ্জা এড়াতে ওই ম্যাচ জিততেই হবে শুভমন গিলদের। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ‘মরণ-বাঁচন’ ম্যাচের আগেই বড় দুঃসংবাদ ভারতীয় সমর্থকদের জন্য। শেষ টেস্টে খেলছেন না দলের তারকা পেসার তথা স্পিডস্টার যশপ্রীত বুমরা। চোট যাতে আরও ভয়াবহ হয়ে না ওঠে সেই কারণে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়ার চিকিৎসকরা। বুমরার জায়গায় আকাশদীপ দলে আসতে পারেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে মোট তিনটি টেস্ট খেলেছেন বুমরা। তিন টেস্টে তিনি ১৪ উইকেট ঝুলিতে পুরেছেন। তবে চতর্থ টেস্টে ওল্ড ট্রাফোর্ডে তাঁকে অনেকটা নিষ্প্রভ দেখিয়েছে। প্রথম ইনিংসে ৩৩ ওভারে ১১৫ রান দিয়েছেন। টেস্ট কেরিয়ারে এক ইনিংসে বুমরার ১০০ রানের বেশি দেওয়ার ঘটনা এটিই প্রথম। সেই সঙ্গে তাঁর ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের হারও কমেছে। হেডিংলিতে ৪২.৭ শতাংশ থেকে কমতে কমতে ওল্ড ট্রাফোর্ডে গিয়ে দাঁড়ায় মাত্র ০.৫ শতাংশে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, চতুর্থ টেস্টে চোট পাওয়া স্পিডস্টারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট। তাঁর জায়গায় চোটের কারণে চতুর্থ টেস্ট খেলতে না পারা আকাশদীপকে জায়গা দেওয়া হচ্ছে।
গতকাল মঙ্গলবার ভারতীয় দলের অনুশীলনে বল হাতে দারুণ ছন্দেই দেখা গিয়েছে ভারতের তরুণ পেসারকে। দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছিলেন। যদিও লর্ডসে নিষ্প্রভ ছিলেন। ওভাল টেস্টে মোহাম্মদ সিরাজ ও আকাশদীপের পাশাপাশি তৃতীয় পেসার হিসাবে দলে ঠাঁই পেতে পারেন আর্শদীপ সিংহ বা প্রসিদ্ধ কৃষ্ণা। চোটের কারণে ছিটকে যাওয়া ঋষভ পন্থের জায়গায় উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে চলেছেন ধ্রুব জুরেল। পিচে এখনও ঘাস রয়েছে এবং মেঘলা আবহাওয়া থাকায় পেসাররা সুবিধা পাবেন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।