নিজস্ব প্রতিনিধি: ওভালে চলছে ভারত বনাম ইংল্যান্ডের শেষ তথা পঞ্চম টেস্ট। আর শনিবার তৃতীয় দিনে ‘নৈশপ্রহরী’ হিসাবে নামা বাংলার আকাশদীপ জীবনের প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি করেছেন। আর ওই অর্ধশতরান করার সুবাদে ১৪ বছর আগে এক ভারতীয় বোলারের তৈরি করা মাইলফলক স্পর্শ করেছেন।
গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের শেষ লগ্নে সাই সুদর্শন আউট হওয়ার পরে ‘নৈশপ্রহরী’ হিসাবে ক্রিজে এসেছিলেন আকাশদীপ। ৪ রান করে অপরাজিত থেকে যশস্বী জয়সোয়ালের সঙ্গে সাজঘরে ফিরেছিলেন। এদিন মাঠে নেমেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন বাংলার জোরে বোলার। তবে ভাগ্য সুপ্রসন্ন ছিল তাঁর। তৃতীয় দিনের অষ্টম ওভারে জশ টংয়ের বলে স্লিপে তার ক্যাচ নিতে পারেননি জাক ক্রলি। তখন ২১ রানে খেলছিলেন আকাশ। জীবন পেয়ে দারুণ ব্যাটিংয়ে দলকে ভরসা দিতে থাকেন। গাস অ্যাটকিনসনকে লেগ সাইড দিয়ে চার মেরে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে ভারতের ১৪ বছর পুরনো একটি স্মৃতি ফিরিয়ে আনেন তরুণ পেসার। কী সেই স্মৃতি? আকাশের আগে ‘নৈশপ্রহরী’ হিসেবে ভারতীয়দের মধ্যে পঞ্চাশ করার কীর্তি ছিল অমিত মিশ্রের। ২০১১ সালে ওভালেই ইংল্যান্ডের বিরুদ্ধে ফলো-অনের মুখে পড়েছিল ভারতীয় দল। ভারতের দ্বিতীয় ইনিংসে পাঁচ নম্বরে নেমে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন এই লেগ স্পিনার। ম্যাচটি অবশ্য ইনিংস ও ৮ রানে জিতেছিল ইংল্যান্ড।
দেশের জার্সি গায়ে দশম টেস্ট খেলতে নেমে অর্ধশতরানের দেখা পেলেন আকাশদীপ। যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে একটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস রয়েছে তাঁর। তৃতীয় উইকেটে যশস্বী জয়সোয়ালের সঙ্গে জুটি বেঁধে ১০৭ রান যোগ করেন দলীয় স্কোরবোর্ডে। শেষ পর্যন্ত আকাশের প্রতিরোধ ভাঙেন জেমি ওভারটন। ১২টি চারের সাহায্যে ৯৪ বলে ৬৬ রানের এক দুরন্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন চোট সারিয়ে দলে ফেরা বাংলার বোলার।