নিজস্ব প্রতিনিধি, দুবাই: ঘড়ির কাঁটা ক্রমশই এগিয়ে চলছে সেই মাহেন্দ্রক্ষণের দিকে। আজ রবিবার (৯ মার্চ) ভারতীয় সময় দুপুর আড়াইটায় দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা লড়াইয়ে নামছে ভারত ও নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত কোন দলের হাতের মুঠোয় ওঠে চ্যাম্পিয়ন্স ট্রফি তা দেখতে মুখিয়ে বিশ্বের ক্রিকেট প্রেমীরা।
গ্রুপ লিগের সব কয়টি ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল রোহিত ব্রিগেড। বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই শেষ চারে পৌঁছে ছিল রোহিত বাহিনী। সেমিফাইনালে একদিনের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে নিউজিল্যান্ড গ্রুপ লিগে বাংলাদেশ ও পাকিস্তানকে হারালেও ভারতের কাছে পর্যুদস্ত হয়েছিল। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালে উঠেছেন মিচেল স্যান্টনাররা। এ নিয়ে পাঁচ বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। আর নিউজিল্যান্ড তৃতীয়বার ফাইনাল খেলবে। আগের ফাইনালে কোন দলের কেমন পারফরম্যান্স, আসুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
এর আগে ২০০০, ২০০২, ২০১৩ ও ২০১৭ সালে ফাইনাল খেলেছিল টিম ইন্ডিয়া। এরমধ্যে ২০০২ ও ২০১৩ সালে শিরোপা জিতেছিল ব্লু ব্রিগেড। ২০০০ ও ২০১৭ সালে ফাইনাল হেরে শিরোপা অধরা থেকে গিয়েছিল। অন্যদিকে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নামছে নিউজিল্যান্ড। এর আগে ২০০০ ও ২০০৯ সালে ফাইনাল খেলেছিল তারা। তার মধ্যে মাত্র একবার শিরোপা জিতেছিল। আর একবার রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। কেনিয়ায় অনুষ্ঠিত ২০০০ সালের আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেবার নাইরোবিতে নিউজিল্যান্ডকে ২৬৫ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ৪ উইকেটে হারে ভারত। নিউজিল্যান্ডের ক্রিস কেয়ার্নস ১১৩ বলে অপরাজিত ১০২ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন। ২০০৯ সালে দ্বিতীয়বারের মত ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হার মানতে হয়। শেন ওয়াটসনের ১০৫ রানের দারুণ ইনিংসে স্বপ্নভঙ্গ হয় কিউইদের।
রবিবারের ম্যাচ যেমন রোহিতদের কাছে ২০০০ সালের ফাইনালে হারার বদলা নেওয়ার ম্যাচ, তেমনই মিচেল সান্তনারদের কাছে একদিনের বিশ্বকাপের সেমিফাইনাল ও চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগে হারার বদলা নেওয়ার ম্যাচ। ফলে দুই দলই যে মধূর প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে নামবে, তা বলাই বাহুল্য।