নিজস্ব প্রতিনিধি : শীর্ষ পর্যায়ের অন্যতম ফুটবলার হল রোনাল্ডো। প্রতিযোগিতায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল এখন ৮৯৯টি। আর একটা গোলের অপেক্ষা শুধু। এক গোল হলেই বাজিমাত করবেন তিনি। তবে ৯০০ তেই তুষ্ট নন পর্তুগিজ কিংবদন্তি। সংখ্যাটা আরও বাডা়তে চান তিনি। এটা তাঁর স্বপ্ন বলা যেতে পারে। ৯০০ টপকে হাজার ছুঁতে চান রোনাল্ডো। আপাতত এই লক্ষ্য নিয়েই খেলতে নামবেন তিনি।
ক্লাব ফুটবলে নিজের ভবিষ্যতের কথা জানালেও দেশের হয়ে কত দিন খেলবেন, তা নিয়ে তেমন কিছু বলেন নি। এর আগে তিনি জানিয়েছিলেন, ‘জাতীয় দল থেকে অবসর নেওয়ার আগে কাউকে জানাব না। আমার মন যে দিন বলবে, সে দিন ছেড়ে দেব।’ তবে এবার নিজের ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকারে ১০০০ গোল করার ইচ্ছে প্রকাশ করেন।
সদ্যই ইউটিউব খুলেছেন এই তারকা। প্রাক্তন ইংল্যান্ড ফুটবলার রিও ফার্ডিনান্ডকে এক সাক্ষাৎকার তিনি তাঁর মনের কথা জানিয়েছেন। তাঁর বয়স এখন ৩৯। নিজের ইচ্ছে পূরণ করতে আরও ২ বছর সময় লাগবে তাঁর। নিজের প্রতি অবশ্য জোর আত্মবিশ্বাস আছে। তাঁর বয়স যখন ৪১ বা এর কাছাকাছি যখন হবে তখন ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন।
এই নিয়ে তিনি জানান, ‘আমি ১ হাজার গোলের মাইলফলকে পৌঁছতে চাই। যদি আমার শারীরিক সুস্থতা থাকে। কারণ এটি আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চাই যে, আমার জন্য ফুটবলে সেরা মাইলফলক হলো প্রথমে ৯০০ গোল করা। আর আমার চ্যালেঞ্জ হলো ১০০০ গোল করা।’
এই সাক্ষাৎকারে সৌদিতে কিভাবে মানিয়ে নিলেন সেই প্রশ্নও করা হয় রোনাল্ডাকে। সৌদি প্রো লিগ নিয়ে তিনি জানান, ‘কোনো দেশই নিখুঁত নয়। আমার জন্য মানিয়ে নেওয়াটা সহজ ছিল এবং আমি সত্যিই সেখানে থাকতে ভালোবাসি।’
পাশাপাশি নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়ে তিনি জানান, ‘আমি সবসময় এভাবে ভাবি যে, ‘ক্রিশ্চিয়ানো, তুমি বিশ্বের সেরা খেলোয়াড়’। কিন্তু যখন আমি পেনাল্টি মিস করি, তখন আমার অনুরাগী ও পরিবারের মতো আমারও খারাপ লাগে। লোকেরা কী বলবে তার জন্য ভাবি না।’