নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার কাছে ৬ গোল হজম করে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। তবে গোল হজম করে আরও আত্মবিশ্বাসি হয়ে উঠেছিল ব্রাজিল। হতাশার পরিবর্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা জুগিয়ে রেখেছিল দলটি। অবশেষে শিরোপা জিতে অভিযান শেষ করল জুনিয়র সেলেসাওরা। চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে চিলিকে উড়িয়ে দিয়ে প্রতিযোগিতায় রেকর্ড ১৩তম বার চ্যাম্পিয়ন হয়েছে নেইমারদের উত্তরসূরিরা।
চিলির বিপক্ষে গোলশূন্য থেকে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ে। সেইমত আসে সাফল্যও। প্রথম সাফল্য আসে ৭৩ মিনিটে।ডেভিড ওয়াশিংটনের গোলে লিড নেয় সেলেসাওবাহিনী।৮৬ ও ৮৮ মিনিটের দুই গোলে ব্যবধান আরো বাড়ায় ব্রাজিল।ম্যাচের আগে সমীকরণ ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার দুদলের পয়েন্টই যদি সমান হয়, প্রথমে হিসেব করা হবে মুখোমুখি লড়াইয়ের ফল।কিন্তু চূড়ান্ত পর্বে দুদলের ম্যাচটি ড্র হওয়াতে সেই হিসাব কোনো কাজে আসত না। চূড়ান্ত পর্বে দুদলের গোল ব্যবধান বিবেচ্য হত। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সেখানেও সমতা থাকলে লাল কার্ড কারা বেশি দেখেছে, সেটি এবং তারপর ফল নির্ধারণে কাজে লাগত হলুদ কার্ড। সেখানেও সমতা থাকলে লটারি মাধ্যমে হত ফয়সালা।তবে এসবকিছুরই আর প্রয়োজন পড়েনি।
আসরের শেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে ৩-২ ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিনা। তাতে পাঁচ ম্যাচে তিন জয় ও একটি করে ড্র-হারে আর্জেন্টিনার পয়েন্ট ১০। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৪ জয় ও এক ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট ১৩।