আন্তর্জাতিক ডেস্ক : ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য ফিলিপাইন। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে। এর জেরে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে ধসে পড়েছে একটি ভবন একইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা। ১৮ টি বাসভবন ও সরকারি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত যান চলাচল ব্যহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে দেশটির কতৃপক্ষ।
বৃহস্পতিবার (২৩ জানুায়রি) ফিলিপাইনের লেইতে প্রদেশের সান ফ্রান্সিসকো শহরের কাছে এই ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির পুলিশ জানিয়েছে ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী ছিল। যদিও বেশিক্ষণ স্থায়ীত্ব ছিল না। এতটাই তীব্র কম্পন ছিল যে তাক থেকে ছবির ফ্রেম পড়ে গিয়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায় নি। তবে ক্ষতির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, ফিলিপিন্স দ্বীপপুঞ্জটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। তাই এখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং ভূমিকম্প অতি সাধারণ ঘটনা। প্রায়শই ভূমিকম্প আঘাত হানে এই দেশে। গত বছরেও ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।