আন্তর্জাতিক ডেস্ক : ইরানের (Iran) কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইজরায়েলের (Israel)। কোম শহরে হামলা চালিয়ে প্যালেস্তানী কর্পসের কমান্ডার সাইদ ইজাদিকে (Saeed Izadi) হত্যার করার দাবি করেছেন ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ (Israel Katz)।
সংবাদ সংস্থা সূত্রে খবর, তেহরানের ১৪০ কিলোমিটার দক্ষিণে কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালিয়েছে ইজরায়েল বাহিনী। এই হামলায় ১৬ বছর বয়সি এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে ওই হামলাতেই সাইদ ইজাদি নিহত হয়েছে কিনা স্পষ্ট নয়। তবে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানিয়েছেন, কোম শহরে হামলা চালানোর পর একটি অ্যাপার্টমেন্টেই নিহত হয়েছে সাইদ ইজাদি। তিনি আরও বলেছেন, ইজাদি ৭ অক্টোবরের হামাসের হামলার আগে অর্থ ও অস্ত্র সরবরাহ করতেন।
তার কথায়, ইজাদিকে হত্যা করা ইজরায়েলি গোয়েন্দা ও বিমান বাহিনীর কাছে বিশাল বড় জয়। যাঁরা নিহত ও অপহৃত হয়েছেল, তাঁদের জন্য এটা ন্যায়বিচার। ইজরায়েলের হাত খুব লম্বা। ইজরায়েলর সকল শত্রুদের কাছে সেই হাত পৌঁছাবে। তবে সাইদ ইজাদির মৃত্যু নিয়ে ইরানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
গত ১৩ জুন থেকে ইরান-ইজরায়েলের মধ্যে সঙ্ঘাত অব্যাহত। উভয় দেশই একে অপরের ওপর বোমা নিক্ষেপ করছে। ছুঁড়ছে মিসাইলও। পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হচ্ছে। গত সপ্তাহে ইরানের বিভিন্ন স্থানে বিশেষ করে সামরিক ও পরমাণু কেন্দ্রগুলোকে লক্ষ্য করে বিমান ও মিসাইল হামলা চালাচ্ছে ইজরায়েল। জবাব দিয়েছে ইরানও। তেহরানও তেলআবিবসহ ইজরায়েলের বিভিন্ন জায়গায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।