নিজস্ব প্রতিনিধি : হোয়াটসঅ্যাপ হ্যাক করে কৌশলে চুরি করা হচ্ছে তথ্য। এই ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার বহু ব্যক্তি। ব্যবহারকারীদের ফাঁদে ফেলতে ফন্দি আঁটছে হ্যাকাররা। ইতিমধ্যেই তদন্তে নেমেছে সাইবার নিরাপত্তা কর্মীরা। মেটা জানিয়েছে যে, এই সাইবার হ্যাকিংয়ের পেছনে রয়েছে গ্রাফাইট নামের সফটওয়্যার।এখনও পর্যন্ত ৯০ জন এই সাইবার হামলার শিকার হয়েছে। তারা আবার কেউ নয়, ৯০ জনই সাংবাদিক।
একইসঙ্গে মেটা জানিয়েছে, হ্যাকাররা নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করেছে। বিশেষ করে সাংবাদিক ও সমাজের উচ্চ পদস্থদের। এমনকী মেটা আরও জানিয়েছে, গ্রাফাইট এমন একটি সফটওয়্যার, যা কোনরকমের ক্লিক ছাড়াই কাজ করে। কোনকিছুতে ক্লিক না করেই ব্যবহারকারীর সমস্ত ডাটা চুরি করতে পারে। এমনকী ব্যবহারকারী গুণাক্ষরেও টের পাবে না।
সাইবার প্রতারণা রুখতে ইতিমধ্যেই ব্যবহারকারীদের জিমেইলে সতর্কতা জারি করা হয়েছে। প্রায় ২৫০০ কোটি ব্যবহারকারীকে সচেতন করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান সময়ে অনলাইনে প্রতারণা বহুগুণে বেড়েছে। এই প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রচুর টাকা খোয়াচ্ছেন মানুষজন। তাই এই নিয়ে নিয়মিত সচেতনতা চালাচ্ছে পুলিশ। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বিভিন্নভাবে পুলিশের তরফে সচেতনতার অভিযান চালানো হচ্ছে। তা সত্ত্বেও প্রায়ই ঘটছে সাইবার প্রতারণা।