নিজস্ব প্রতিনিধি : বর্তমানে সোশ্যাল মিডিয়ার চল বাড়ছে। ছোটো থেকে বড় সকলেই আসক্ত হয়ে পড়ছে এই সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, টুইটারের পাশাপাশি ইনস্টাগ্রামেও বহু মানুষ চোখ রাখেন। তবে ইনস্টাগ্রামের ব্যবহারকারী সকলে নয়। নির্দিষ্ট সংখ্যক বা নির্দিষ্ট বয়সের মানুষই ব্যবহার করে থাকেন ইনস্টাগ্রাম। নিজেদের বহু ছবি বা ভিডিও শেয়ার করে থাকেন তাঁরা। ইনস্টাগ্রামে ফলোয়ার তালিকায় অনেকেই থাকেন যাদের কাছ থেকে নির্দিষ্ট ছবি বা ভিডিও আড়াল করতে হয়। পোস্ট বা স্টোরি লুকিয়ে রাখতে কয়েকটি পদক্ষেপ নিলেই কেল্লা ফতে।
এইক্ষেত্রে নির্দিষ্ট মানুষের থেকে লুকিয়ে রাখার ফিচার না থাকলেও ব্লক অথবা রেসট্রিক্ট ফিচার ব্যবহার করতে পারেন। আরও একটি উপায় দেখতে পারেন ব্যবহারকারী। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করে ফেলা। স্টোরির বেলায় অবশ্য নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে লুকিয়ে ফেলার ফিচার রয়েছে। কেউ যদি পোস্ট, স্টোরি সহ অ্যাকাউন্ট লুকিয়ে রাখতে চায়, তাহলে ব্লক করা সবচেয়ে ভালো। এরফলে অ্যাকাউন্টটাই দেখতে পাওয়া যাবে না। যে ব্যক্তির প্রোফাইল ব্লক করতে চান সেই প্রোফাইল খুলে, প্রোফাইল পৃষ্ঠায় ওপরে ডান দিকে থ্রি-ডট আইকনে ক্লিক করে ব্লক অপশনটি বেছে নিতে হবে। এরপর আরেকবার ব্লক অপশনে ক্লিক করতে হবে। তারপরেই নির্দিষ্ট প্রোফাইলটি ব্লক হয়ে যাবে। পরে চাইলে আনব্লকও করতে পারেন।
ইনস্টাগ্রাম স্টোরি লুকিয়ে রাখার ক্ষেত্রে প্রোফাইল পেজ থেকে সেটিংস অপশনটি বেছে নিন। এরপর প্রাইভেসি গিয়ে স্টোরি অপশনটি বেছে নিন। স্টোরি পেজে হাইড স্টোরি ফ্রম সেকশন থেকে যাকে হাইড করতে চাইছেন, তাঁকে সিলেক্ট করুন। এরপরেই খেয়াল করতে পারবেন, আপনার স্টোরি বা পোস্ট সেই নির্দিষ্ট ব্যক্তি দেখতে পাবেন না।