নিজস্ব প্রতিনিধি: টলিউডের ‘ফ্রাইডে’ চমক! ‘বিনোদিনী’, ‘দেবী চৌধুরানী’, ‘রঘু ডাকাত’-এর পর আবারও ঐতিহাসিক প্রেক্ষাপটে ছবি নির্মিত হতে চলেছে টলিউডে। আর শুক্রবারই ঘোষিত হল ছবির নাম। এবার ষোলো শতকের দোর্দণ্ডপ্রতাপ মহারানি ‘রায়বাঘিনী ভবশঙ্করী’র কাহিনী পর্দায় তুলে ধরবেন পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)। আর সেই ছবিতেই মহারানি ‘ভবশঙ্করী’র ভূমিকায় অভিনয় করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।
টলিউডে একের পর এক চমক। নারী কেন্দ্রীয় চরিত্রে ফুটিয়ে তোলা হচ্ছে পৌরাণিক কাহিনীতে। ‘বিনোদিনী’, ‘দেবী চৌধুরানী’র পর এবার পর্দা কাঁপাতে আসছে ইতিহাস-নির্ভর আরও এক নারীকেন্দ্রিক চরিত্র। ‘দেবী চৌধুরানী’ ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। অন্যদিকে বিনোদিনীর ভূমিকায় রুক্মিণী মৈত্রও দুর্দান্ত অভিনয় করেছেন। ছবিটিও বক্সঅফিসে এখনও রাজত্ব করছে।
পরিচালক শুভ্রজিৎ মিত্র ইতিহাসসমৃদ্ধ বাংলার দাপুটে নারীদের নিয়ে ছবি তৈরিতে হাত দিয়েছেন। তাঁর প্রথম নিবেদন ‘দেবী চৌধুরানী’। এবার তাঁর ট্রিলজির দ্বিতীয় নিবেদন ‘রায়বাঘিনী ভবশঙ্করী’। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তবে মহারানি ভবশঙ্করীর চরিত্রে ছবি তৈরি করার আইডিয়া কোথায় পেলে্ন শুভ্রজিৎ? এই বিষয়ে পরিচালক জানিয়েছেন, ‘দেবী চৌধুরানী’কে নিয়ে গবেষণা করার সময়েই তিনি মহারানি ভবশঙ্করীর বিষয়ে বেশ কিছু তথ্য পেয়েছিলেন। ষোলো শতকের মোঘল আমলে ভবশঙ্করীর বীরত্ব, ব্যক্তিত্ব মুগ্ধ করেছে পরিচালককে। আর তখনই মহারানি ভবশঙ্করীকে নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করে ফেলেন শুভ্রজিৎ। আর শুভশ্রীও ছবির স্ক্রিপ্ট পড়ে আগ্রহ প্রকাশ করেছেন। ভবশঙ্করী ছিলেন বাংলার এক গ্রাম্য ব্রাহ্মণ জমিদার দীননাথ চৌধুরীর কন্যা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সবেতে পারদর্শী। এই কারণেই সম্রাট আকবরের কাছ থেকে রায়বাঘিনী উপাধি পেয়েছিলেন ভবশঙ্করীর। এবার সেই কাহিনিই পর্দায় ফুটিয়ে তুলবেন শুভশ্রী।