নিজস্ব প্রতিনিধি: মায়ের সঙ্গে রঙমিলান্তি পোশাকে সেজে প্রথম স্কুলে চলল ১ বছর ৬ মাসের ছোট্ট ইয়ালিনী। মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় পরেছিলেন সাদা টি শার্ট, কালো ট্রাউজার আর মেয়ের পরনে ছিল সাদা রঙের ফ্রক। কাঁধে সবুজ রঙের স্কুল ব্যাগ। আমেরিকা থেকে ফিরেই মেয়ে ইয়ালিনীর সঙ্গে অন্য মেজাজে ধরা দিলেন টলিউড কুইন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সপ্তাহের প্রথমদিনেই মেয়েকে নিয়ে স্কুলে গেলেন শুভশ্রী। অর্থাৎ ৫ মে থেকেই শুরু হল ইয়ালিনীর প্রথম স্কুল। হাঁটি হাঁটি পায়ে মায়ের হাত ধরে হাসিমনে প্রথমে স্কুলে গেল ছোট্ট ইয়ালিনী। আজ ইনস্টাগ্রামে মেয়ের প্রথম স্কুলের জার্নি তুলে ধরলেন শুভশ্রী। পোস্ট করলেন একটি ভিডিয়োও।
ছবিতে দেখা যাচ্ছে কখনও বাড়ির সামনেই মেয়েকে কোলে নিয়ে দিচ্ছেন নায়িকা। আবার কখনও মেয়ের হাত ধরে তাঁকে স্কুলে নিয়ে যাচ্ছেন তিনি। আবার কখনও প্লে স্কুলে মেয়ের খেলার সঙ্গী হচ্ছেন শুভশ্রী। একসঙ্গে ছবি আঁকছেন। রঙ করছেন। আবার কখনও মায়ের মতোই নায়িকাসুলভ হাত নাড়তে দেখা গেল ইয়ালিনীকে। ক্যামেরার পেছনে থাকা বাবাক রাজকেও টাটা করতে দেখা গেল তাঁকে। সব মিলিয়ে মেয়ের স্কুলের প্রথম দিনের সোনালী মূহুর্তগুলি তুলে ধরলেন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীর ঘরণী। তবে সাধারণত প্রথম স্কুলে যাওয়ার আগে বাচ্চাদের মুখে কাঁদো কাঁদো ভাব থাকে। কিন্তু ইয়ালিনীর ক্ষেত্রে তার উলটপুরাণ ঘটল। এক গাল হাসি দিয়ে প্রি স্কুলে পৌঁছল ইয়ালিনী। সঙ্গে ইয়ালিনীর দাদি ইউভানও ছিল। ছেলে ইউভানকেও খুব ছোট বয়সে স্কুলে ভর্তি করিয়েছেন তারকা জুটি।
প্রথম স্কুলের জার্নিও সোশ্যাল মিডিয়ায় খোদাই করে রেখেছেন অভিনেত্রী। ২০২৩ সালের নভেম্বরে কন্যা ইয়ালিনীর জন্ম দেন শুভশ্রী। এর কয়েক মাস পরে অভিনেত্রী তাঁর মেয়ের মুখ প্রকাশ্যে আনেন। মায়ের আদলেই দেখতে হয়েছেন দুই ছেলে-মেয়ে। দিন কয়েক আগেই আমেরিকা থেকে ফিরেছেন রাজ-শুভশ্রী। সেখানে ‘লস এঞ্জেলস’ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়েছিলেন তাঁরা। প্রায় ১৫ দিনের বেশি ছিলেন বিদেশে। এই সফলে ছেলে ইউভানকে নিয়ে গিয়েছিলেন নায়িকা। ইয়ালিনীকে নিয়ে যাননি। বিদেশ থেকে ছেলের সঙ্গে ছবি পোস্ট করচছেন তিনি, তা নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল। তবে সমাজমাধ্যমের কোনও কথাকেই তোয়াক্কা না করে বিদেশ থেকে বাড়ি মেয়ের প্রতি যত্নবান হয়ে উঠলেন শুভশ্রী।