নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা আন্দোলনে অশান্ত রাজধানী ঢাকায় শেষ মুহুর্তে ওপার বাংলার জনপ্রিয় জীবনমুখী গায়ক নচিকেতা চক্রবর্তীর কনসার্ট স্থগিত রাখলেন আয়োজকরা। আজ শুক্রবার সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউটে ওই কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে কনসার্টের আয়োজক ‘আজব কারখানা’র তরফে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নচিকেতার কনসার্ট বাতিলের কথা জানানো হয়। শেষ মুহুর্তে কনসার্ট বাতিল করায় হতাশ ওপার বাংলার জীবনমুখী গায়কের এপার বাংলার ভক্তরা। আয়োজকদের তরফে জানানো হয়েছে, আগামী ২ সেপ্টেম্বর ওই কনসার্ট অনুষ্ঠিত হবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত সপ্তাহেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের সিংহভাগ এলাকা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন দুশোর বেশি নিরীহ নাগরিক। শেষ পর্যন্ত কার্ফু জারি করে ও সেনা নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে শেখ হাসিনার সরকার। কোটা আন্দোলন রক্ষক্ষয়ী হয়ে ওঠার আগেই ওপার বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতার কনসার্টের আয়োজন করেছিল ‘আজব কারখানা’ নামে একটি সংগঠন। কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশে অস্থিরতা তৈরি হওয়ায় নচিকেতাকে ঢাকার কনসার্ট বাতিল করার পরামর্শ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই পরামর্শ সবিনয়ে খারিজ করে দিয়ে কনসার্টে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন জীবনমুখী গায়ক।
কিন্তু নচিকেতার কনসার্ট নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি হননি আয়োজকরা। এদিন আয়োজক ‘আজব কারখানা’র তরফে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কনসার্ট স্থগিত রাখার কথা জানানো হয়। এক পোস্টে বলা হয়, ২৬ জুলাই কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার ভলিউম ২’ কনসার্টটি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্থগিত রাখা হচ্ছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ২ সেপ্টেম্বর কনসার্টটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে যাঁরা টিকিট কেটেছেন, তারা এই টিকিট দিয়েই পরবর্তী সময়ে কনসার্টে প্রবেশ করতে পারবেন।’