নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ২০০১ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল করণ জোহরের বহুল তারকা খচিত ছবি ‘কভি খুশি, কভি গম’। যা সিনেমাপ্রেমীদের কাছে কে৩জি হিসাবেই পরিচিত। শনিবার (১৪ ডিসেম্বর) ওই ব্লক বাস্টার ছবির ২৩ বছর পূর্ণ হল। আর কে৩জি ছবির ২৩ বছর পূর্তি উদযাপন করলেন ছবির নায়িকা কাজল। সেই সঙ্গে ভক্তদের বিশেষ উপহারও দিয়েছেন। কী সেই উপহার? ছবির শুটিংয়ের সময়ে নায়ক শাহরুখ খান-সহ সহশিল্পীদের সঙ্গে তোলা অপ্রকাশিত ছবি প্রকাশ্যে এনেছেন তিনি।
২০০১ সালে মুক্তি পাওয়া করণ জোহরের ‘কভি খুশি, কভি গম’ নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে যে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছিল, তা কার্যত বেনজির। ছবিতে পারিবারিক প্রেমের গল্পের ঠাসা বুনোন ছিল। সেই সঙ্গে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, কাজল, শাহরুখ খান, করিনা কাপুরের মতো বলিউডের তারকারা। আজও অনেকে সময় সুযোগ পেলেই অবসরে ওই সুপারহিট ছবি দেখতে বসে যান। কিংবা কোথাও ছবির গান শুনতে পেলে গুনগুন করে ঠোঁট মেলান। সে্ই ছবির ২৩ বছর পূর্তিতে অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন নায়িকা কাজল। ছবির শুটিংয়ের সময়ে ঘটা নানা ঘটনার স্মৃতি রোমন্থন করলেন ফের একবার।
সমাজমাধ্যম ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে ‘কভি খুশি, কভি গম’ এর একটি বিখ্যাত পোস্টার পোস্ট করেছেন কাজল। ওই পোস্টারে রয়েছেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, হৃত্বিক রোশন, কাজল এবং করিনা কাপুর। ছবির পোস্টারের নিচে অজয় দেবগনের ঘরণী লিখেছেন, ‘জীবনের ভালবাসা এবং হাসি। ২৩ বছর আগের কিছু চমত্কার স্মৃতি।’