নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহত ২৪২ জন যাত্রীর মধ্যে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির মৃতদেহ রবিবার শনাক্ত করা হয়েছে। সকাল ১১.১০ মিনিটে রূপানির ডিএনএ মেলানো হয়। তাঁর দেহ পরিবারের কাছে হস্তান্তরিত করা হয়েছে।
এদিকে, কর্তৃপক্ষ ডিএনএ পরীক্ষার মাধ্যমে এখনও পর্যন্ত ৩২ জন নিহত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ১৪ জনের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তরিত করা হয়েছে।
অ্যাডিশনাল সিভিল সুপারিনটেনডেন্ট ডঃ রজনীশ প্যাটেল সাংবাদিকদের জানান এখনও পর্যন্ত শনাক্ত হওয়া নিহতরা গুজরাত এবং রাজস্থানের বিভিন্ন স্থানের বাসিন্দা। তা৬র কথায়, “এখনও পর্যন্ত বত্রিশটি ডিএনএ নমুনা মিলেছে। ১৪টি মৃতদেহ ইতিমধ্যেই সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্তান্তরিত করা হয়েছে। নিহতরা উদয়পুর, বরোদা, খেড়া, মেহসানা, আরাবল্লি, আহমেদাবাদ এবং বোটাড় জেলার বাসিন্দা।”
আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় বহু মৃতদেহ পুড়ে গিয়েছে বা অন্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশ দেহ চেনাই যাচ্ছে না। তাই কর্তৃপক্ষ দুর্ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষা করছে। সরকারি আধিকারিকরা আগেই বলেছিলেন যে, নিহতদের পরিবারের সঙ্গে সমন্বয়ের জন্য ২৩০টি দল গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের সময় লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট কয়েক সেকেন্ডের মধ্যে বিজে মেডিক্যাল কলেজের একটি আবাসিক পড়ুয়াদের হোস্টেলে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৭০ জনের মৃত্যু হয়েছে।
গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ওই বিমানে ছিলেন। লন্ডনে মেয়ের কাছে যাচ্ছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হাসপাতালে আহতদের সাথে দেখা করেছেন। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে বিমানে ব্ল্যাক বক্স। সেটি খতিয়ে দেখে বিমান দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।