নিজস্ব প্রতিনিধিঃ মহাকুম্ভে পদদলিত হওয়া নিয়ে বক্তব্যের ধারা যেন কিছুতেই থামছে না। এবার মহাকুম্ভে সঙ্গম দুর্ঘটনার জন্যে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন প্রবীণ অভিনেত্রী তথা সমাজবাদী পার্টি (SP) সাংসদ জয়া বচ্চন। জয়া বচ্চন দাবি করেছেন, পদপিষ্টের দুর্ঘটনার পর ভক্তদের মৃতদেহ নদীতে ফেলে দেওয়া হচ্ছে। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা। সনাতন হিন্দুধর্মের একটি অন্যতম প্রধান উৎসব কুম্ভ মেলা। কিন্তু এ বছর যেন শুরু থেকেই রক্তাক্ত কুম্ভমেলা দেখছে গোটা দেশ। চারিদিকে শুধু মৃত্যুর হাতছানি, স্বজনকে হারানোর চিৎকার। দূর দূর থেকে ভক্তরা ‘ত্রিবেণী সঙ্গমে ‘শাহি স্নান’-এর উদ্দেশ্যে মেলাপ্রাঙ্গণে পাড়ি দিলেও সেই আনন্দ নিমেষেই যেন বিষাদে পরিণত হচ্ছে। দায়ী হল, ভক্তদের ভিড়।
ইতিমধ্যেই কোটি কোটি ভক্তদের ভিড়ে পদদলিত হয়ে মারা গিয়েছেন অনেকে। হাসিমুখে বাড়ি থেকে বেরোলেও বাড়ি ফিরছে লাশ হয়ে। কিন্তু তাতে নির্বিকার উত্তরপ্রদেশের প্রশাসন, এত নিরাপত্তারক্ষীদের মেলাতে নিযুক্ত করলেও, এ সব ঘটনার জন্যে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে মহাকুম্ভ। কিন্তু এখন অভিযোগ মেলাতে নিহত অনেকের দেহ খুঁজে পাওয়া যায়নি। আবার পদপিষ্ট হয়ে নিহতদের মৃতদেহ পরিবারের কাছে দেওয়ার আগেই তৈরি হয়ে যাচ্ছে তাঁদের ডেট সার্টিফিকেট। এমন দুর্গতি দেখে উত্তরপ্রদেশ সরকারকে নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দলের অন্দরেই যোগী সরকারকে নিয়ে চলছে চর্চা। এমন পরিস্থিতিতে এবার ইউপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রী-সমাজবাদী পার্টি (এসপি) সাংসদ জয়া বচ্চন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সংসদ ভবন এসপি সাংসদ জয়া বচ্চন বলেছেন, ‘মহাকুম্ভে পদদলিত হওয়ার পর মৃতদেহ নদীতে ফেলে দেওয়া হচ্ছে এবং এর ফলে জল দূষিত হচ্ছে। বর্তমানে সবচেয়ে বেশি দূষিত জল শুধু কুম্ভে? এর কোনও ব্যাখ্যা দিচ্ছে না কেউ।’ এরপরে তিনি বিরোধী দল বিজেপিকে ঠুকে বলেন, ‘মৃতদেহ জলে ফেলে জলকে দূষিত করা হচ্ছে। এই জল মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। ইচ্ছে করেই বিষয়টি থেকে সম্পূর্ণ মনোযোগ সরানো হচ্ছে। মৃতদেহের ময়নাতদন্ত হচ্ছে না, সরাসরি জলে ফেলে দেওয়া হচ্ছে। আর তারাই (BJP) জলশক্তি নিয়ে বক্তৃতা দিচ্ছে।’ প্রসঙ্গত, মৌনী অমাবস্যা (২৮ জানুয়ারি) উপলক্ষে প্রয়াগরাজ মহাকুম্ভে পদদলিত হয়ে ৩০ জন প্রাণ হারিয়েছেন। এরপরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেউ কেউ বলেছেন, প্রমাণ লোপাটের জন্যেই উত্তরপ্রদেশের বিজেপি সরকার মৃতের পরিসংখ্যান গোপন করছে।