নিজস্ব প্রতিনিধি: ভারতীয় নৌবাহিনীর দেশীয় পদ্ধতিতে তৈরি মিসাইল ধ্বংসকারী আইএনএস সুরাট সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে দ্রুতগতিতে উড়ন্ত ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সফল হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য দিয়েছে নৌসেনা। এটি যে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ক্ষমতা বৃদ্ধির মাইলফলক তা বলার অপেক্ষা রাখে না। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৮ জন নিহত হওয়ার পর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে।
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোডে রয়েছে একথা বললে মোটেই বাড়িয়ে বলা হয় না। একদিন আগেই ভারত তাঁর ‘পড়শি’ দেশ পাকিস্তানের বিরুদ্ধে গুরুতর সিদ্ধান্ত নিয়েছে। এবার শুরু হয়েছে সামরিক পর্যায়ে প্রস্তুতি। তার জন্য সব ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভারতীয় নৌবাহিনীর দেশীয়ভাবে নির্মিত যুদ্ধজাহাজ আইএনএস সুরাট সমুদ্রপৃষ্ঠ দিয়ে দ্রুত উড়ন্ত লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আক্রমণ করে একটি বড় সাফল্য অর্জন করেছে। এই অর্জন নৌবাহিনীর শক্তিকে আরও শক্তিশালী করল। এই সাফল্য দেশীয় যুদ্ধজাহাজের নকশা, উন্নয়ন এবং পরিচালনায় ভারতীয় নৌবাহিনীর ক্রমবর্ধমান শক্তিরও প্রদর্শন করে। এটি প্রতিরক্ষা খাতে আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করে।
আরব সাগরে পরিচালিত এই পরীক্ষা কেন গুরুত্বপূর্ণ?
আরব সাগরে পরিচালিত এই সফল পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পাকিস্তানও একই এলাকায় একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে। তথ্য অনুযায়ী, পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রেক্ষীতে ভারত সরকারের দ্রুত সিদ্ধান্তের পর, পাকিস্তান একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে। সেই জন্য তারা একটি বিজ্ঞপ্তিও জারি করেছে।
পাকিস্তানও পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে
আরব সাগর অঞ্চলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পরীক্ষাটি ২৪-২৫ এপ্রিল করাচি উপকূলে পরিচালিত হবে। ভারতের তদন্তকারী সংস্থাগুলি সবসময় নজর রাখছে। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিবের সঙ্গে RAW এবং IB প্রধানদের একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
#IndianNavy‘s latest indigenous guided missile destroyer #INSSurat successfully carried out a precision cooperative engagement of a sea skimming target marking another milestone in strengthening our defence capabilities.
Proud moment for #AatmaNirbharBharat!@SpokespersonMoD… pic.twitter.com/hhgJbWMw98
— SpokespersonNavy (@indiannavy) April 24, 2025
সিন্ধুর জলচুক্তি লঙ্ঘন
পহেলগাঁও হামলার পর বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিএস) তাৎক্ষণিকভাবে সিন্ধু জলচুক্তি স্থগিত করে।এই প্রথম ভারত এত বড় এবং কঠোর পদক্ষেপ নিল। ভারত ও পাকিস্তানের মধ্যে তিনটি বড় যুদ্ধ হয়েছে কিন্তু এই চুক্তি আগে কখনও স্থগিত করা হয়নি। এছাড়া আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ, পাকিস্তানি হলেই ভিসা বন্ধ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, পাকিস্তানে ভারতীয় হাই কমিশন থেকে আধিকারিকদের ভারতে প্রত্যাবর্তণ, এক সপ্তাহের মধ্যে ভারতে থাকা পাকিস্তানিদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় এখনও পর্যন্ত ২৬ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। এই আক্রমণ পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় হয়েছিল। যেখানে সন্ত্রাসীরা বেছে বেছে হিন্দুদের লক্ষ্য করে আক্রমণ করেছিল।