নিজস্ব প্রতিনিধিঃ হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় কংগ্রেসের। আর তা নিয়ে বৃহস্পতিবার কংগ্রেস নেতৃত্ব রাজ্য নেতাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক হয়। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধি। বৈঠকের পর তিনি জানান, ‘ পুরো নির্বাচনে দলের স্বার্থ গৌণ এবং নেতাদের স্বার্থ প্রাধান্য পেয়েছে। ‘
জানা গিয়েছে, এদিনের পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন না ভূপিন্দর হুদা, কুমারী শৈলজা, রণদীপ সুরজেওয়ালা, অজয় যাদব এবং উদয় ভানের মতো হরিয়ানা কংগ্রেসের শীর্ষ নেতারা । তাই নাম না করেই তাদেরকে আক্রমণ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। শুধু তাই হরিয়ানার নেতৃত্বের উপর বিরক্ত হয়েছেন বিরোধী দলনেতা। অন্যদিকে সূত্রের খবর, হরিয়ানা নির্বাচনের ফলাফল তদন্তের জন্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে। যা শিগগিরই ঘোষণা করতে চলেছে কংগ্রেস।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে জম্মু ও কাশ্মীরের ৯০ টি আসনের মধ্যে কংগ্রেস-এনসি জোট ৪৯টি এবং বিজেপি পেয়েছে ২৯টি আসন। আর তাতেই জয়ী হয় জোট । তবে হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে এগিয়ে যায় বিজেপি। ৯০ টি আসনের মধ্যে কংগ্রেস ৩৭টি আসন এবং বিজেপি পেয়েছে ৪৮ টি আসনে জয়ী হয় গেরুয়া শিবির। আর এই ফলাফলের পরেই সরব হয়েছে কংগ্রেস নেতৃত্ব।