নিজস্ব প্রতিনিধি: কংগ্রেসের আর্জি মেনে তাদের সঙ্গে সাক্ষাৎ করার সময় দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার দুপুর ১২টায় দেখা করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সর্বাধিক ৩০ জনের প্রতিনিধি দল কমিশনের সঙ্গে দেখা করতে যেতে পারবেন বলে কমিশন জানিয়েছে।
সূত্রের খবর, কমিশনের সঙ্গে দেখা করতে চেয়ে সময় চেয়েছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। কংগ্রেসের সেই চিঠির উত্তর দিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার প্রতিনিধি দলের সঙ্গে দেখা করা হবে। নির্বাচন সাধনের আর তলায় সুকুমার সেন হলে প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন নির্বাচন কমিশনের সদস্যরা। তবে ৩০ জনকে নিয়ে আসার অনুরোধ করা হয়েছে। তার অন্যতম কারণ জায়গার অভাব। জানা গিয়েছে কংগ্রেসের পক্ষ থেকে সাক্ষাৎ করার সময় চাওয়া হলেও বিরোধী শিবিরের অনেকেই কমিশন দপ্তরে যাবেন।
জানা গিয়েছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে নির্বাচন কমিশন দফতরে যাবেন বিরোধীরা। অন্যদিকে, বাংলা ভাষা ও বাংলাভাষীদের উপর হেনস্তার অভিযোগের আবহে কমিশন ঘেরাও করার কর্মসূচিও রয়েছে। সেখানে ভাষার বৈচিত্র তুলে ধরতে চাইছে বিরোধীরা। নানা ভাষআর প্ল্যাকার্ড হাতে নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার কর্মসূচি রয়েছে বিরোধীদের।
চলতি বছরে সংসদে চলা বাদল অধিবেশনে প্রায় প্রতিদিন এসআইআর নিয়ে বিক্ষোভ হয়েছে। অধিবেশন মুলতুবিও হয়ে গিয়েছে। বিরোধীরা দাবি জানিয়েছিল এসআইআর নিয়ে সংসদে আলোচনার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা হোক।সেটা সম্ভব হয়নি। জানা গিয়েছে, এদিন বিভিন্ন ভাষার প্লাকার্ড নিয়ে কমিশনে যাচ্ছে বিরোধীরা। সেখানে রয়েছে, বাংলা, ইংরেজি, তামিল, মরাঠি, মালয়ালি, হিন্দি। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল তৈরি করছে বাংলায় লেখা প্ল্যাকার্ড। কংগ্রেসের দায়িত্ব ইংরেজি এবং মালয়ালি প্ল্যাকার্ড তৈরি করার। তামিলনাড়ুর ডিএমকে তৈরি করছে তামিল প্ল্যাকার্ড। হিন্দির দায়িত্বে রয়েছে সমাজবাদী পার্টি। শিবসেনা (উদ্ধব ঠাকরে) শিবির তৈরি করছে মারাঠি ভাষার প্ল্যাকার্ড।