নিজস্ব প্রতিনিধি : রামনবমীর দিনে ১৩১ দিনে অনশন ভঙ্গ করলেন কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল । মূলত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ মোট ১২ দফার দাবিতে ২০২৪ সালের ২৬ নভেম্বর থেকে অনশন শুরু করেছিলেন তিনি। রবিবার পঞ্জাবের ফতেগড় সাহিব জেলার সিরিন্দে কিষান মহাপঞ্চায়েতে অনশন ভাঙেন তিনি।
অনশন ভেঙে তিনি বলেছেন, যাঁরা তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন তাঁদের ধন্যবাদ।সকলের আবেগকে সম্মান জানিয়েছেন তিনি। কৃষকদের দাবি আদায়ের জন্য লড়াই চালানোটাই মূল। সেই লড়াই জারি রাখতে ১৩২ তম দিনে অনশন ভাঙতে রাজি হয়েছেন তিনি।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু দাল্লেওয়ালের কাছে অনশন তুলে নিতে আবেদন জানিয়েছিলেন বলে জানা গিয়েছে। এরপরেই তাঁর অনশন প্রত্যাহার ভিন্ন মাত্রা পেয়েছে। তবে অনশন প্রত্যাহার করলেও তিনি স্পষ্ট জানিয়েছেন, দাবি আদায়ের জন্য লড়াই জারি থাকবে। আগামী ৪ মে কৃষক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন।
এমএসপি সহ কেন্দ্রীয় সরকারের কাছে কৃষকদের ১২ দফা দাবি রয়েছে। সেই দাবি আদায়ের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তাঁরা। কেন্দ্রীয় সরকার দাবি না মানায় কৃষকরা পঞ্জাব হরিয়ানার সীমান্ত পেরিয়ে দিল্লি ঢোকার চেষ্টা করেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁদের। পুলিশের গুলিতে একাধিক কৃষক মৃত্যুর অভিযোগও ওঠে। বিভিন্ন সীমান্ত এলাকায় আন্দোলনে বসেন তাঁরা। একাধিক বার ট্রাক্টর মিছিল করলেও আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
কৃষকনেতার দীর্ঘ দিনের অনশন ভয় ধরিয়েছিল সকলকেই। অনশন শুরুর ২৮ দিন থেকেই ক্রমশ শরীর খারাপ হওয়া শুরু হয়েছিল। তারপরেও লড়াই জারি রেখেছেন তিনি। কৃষকদের দাবির কথা মাথায় রেখেই অনশন প্রত্যাহার করলেন তিনি।