নিজস্ব প্রতিনিধি : নিজেদের দাবি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেছেন চাকরিহারাদের প্রতিনিধি দল। তারপরেও নিজেদের অবস্থান বিক্ষোভে অনড় তাঁরা। পূর্ব পরিকল্পনা মতো শনিবার সকালেই গান্ধিমূর্তির পাদদেশে অবস্থানে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। একদিকে এসএসসি ভবনের সামনে বৃহস্পতিবার থেকে অনশন চালিয়ে যাচ্ছেন ৩ চাকরিহারারা। অন্যদিকে অবস্থানে বসছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের একাংশ।
জানা গিয়েছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে তাঁরা দাবি তুলেছিলেন যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। সেই মতো সরকার তালিকা প্রকাশে রাজি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। আইনি পরামর্শ নিয়ে ২১ এপ্রিলের মধ্যে ওই তালিকা প্রকাশ করা হবে। সরকারের এই আশ্বাসে কিছুটা স্বস্তি পেলেও চাকরি ফেরতের নিশ্চয়তা পাননি তাঁরা। তাই তাঁরা গান্ধীমূর্তির পাদদেশে বসেছেন।
এসএসসি ভবনের সামনে অনশন ও গান্ধীমূর্তির সামনে অবস্থান, শহরের দুই জায়গা থেকেই চাকরিহারাদের একটাই সুর, চাকরিতে ফেরাতে হবে সম্মানের সঙ্গে। এই অবস্থান প্রসঙ্গে তিনি বলেছেন, যতক্ষণ না পর্যন্ত যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে, ২২ লক্ষের ওএমআর শিটের মিরর ইমেজ ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ তাঁরা চালিয়ে যাবে। এখানেই শেষ নয়, রাজ্যে শুরু হওয়া আন্দোলনের আঁচ এবার পড়তে চলেছে রাজধানীর বুকে। তাঁরা জানিয়েছেন, আগামী ১৬ এপ্রিল থেকে দিল্লির যন্তরমন্তরেও অবস্থান বিক্ষোভ শুরু করবেন তাঁরা। সেই কর্মসূচিতে অংশ নেবেন অন্তত ১৫০ জন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী।
শুক্রবার যাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলেন, তাঁদের মধ্যে প্রায় সকলেি এদিন হাজির রয়েছেন গান্ধিমূর্তির পাদদেশে। সকলের দাবি, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ্যে আনতে হবে। কোনও নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত চলবে এই অবস্থান বিক্ষোভ।