নিজস্ব প্রতিনিধিঃ বৃষ্টির জেরে বিপর্যস্ত দিল্লি। শুক্রবার ভারী বৃষ্টিপাতের জেরে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল-১ এর ছাদের একাংশ আচমকাই ধসে পড়ে। এই ঘটনায় এখন পর্যন্ত একজন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন ছয় জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাদ ধসে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। জোর কদমে চলছে উদ্ধারকাজ।
এই ঘটনা প্রসঙ্গে দিল্লি বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, ‘সুরক্ষা ব্যবস্থা’ জন্য টার্মিনাল ১ থেকে বিমান ওঠা-নামা কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। এরফলে বাতিল হয়েছে ইন্ডিগো এবং স্পাইসজেটে বিমান পরিষেবা। জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদের একাংশ ভেঙে পড়ে। আর সেইসময় বিমানবন্দরে সে সময় পার্কিংয়ে ছিল বেশ কিছু ট্যাক্সি ও গাড়ি। ছাদের একাংশ ভেঙে পড়ে সেগুলির মাথায়। ছাদের কাঠামোর নীচে চাপা পড়ে একাধিক গাড়ি। এই ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিমানবন্দর চত্বরে। অন্যদিকে বৃহস্পতিবার জবলপুরের ডুমনা বিমানবন্দরের ছাদের একাংশও ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়েছিল । তবে এই ঘটনায় কোন প্রাণহানি হয়নি। কিন্তু কী করে বিমানবন্দরের ছাদ ধসে পড়ল তা নিয়ে উঠছে প্রশ্ন।
উল্লেখ্য, বর্তমানে দিল্লিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। লাগাতার বৃষ্টির জেরে রাজধানীর একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এরফলে রাস্তায় বেশ কয়েকটি গাড়ি জলের মধ্যে ডুবে গিয়েছে। বৃষ্টির জেরে দিল্লির তাপমাত্রা সামান্য কমেছে । এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।