নিজস্ব প্রতিনিধিঃ দেশের সবথেকে বেশি নিরাপত্তাযুক্ত কারাগারের মধ্যে রয়েছে তিহাড় জেল। আর সেখানেই ঘটল ‘গ্যাং ওয়ার’। জেলের অন্দরেই চলল দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। ঘটনাটি ঘটে শুক্রবার তিহারের ৯ নম্বর জেলে। সেই সংঘর্ষ, হাতাহাতি এমন চরম পর্যায়ে পৌঁছল যে জেলের ভিতরেই জখম হল দুই বন্দী । তাদেরকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফে জানা গিয়েছে, দুই বন্দী তাদের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সদস্যের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় । ছুরিকাঘাতে দুই বন্দীই গুরুতর জখম হন। তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটে তা এখন তিহারের তরফে কিছু জানান হয়নি। ইতিমধ্যেই জেলের মধ্যে হামলার ঘটনায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।
উল্লেখ্য, তিহার জেলে বন্দীদের মধ্যে সংঘর্ষের ঘটনা প্রথম নয় । এরআগে চলতি বছর তিহারের তিন নম্বর কারাগারে বন্দীদের মধ্যে মারামারি হয় । আর তাতে কয়েকজন বন্দীর হাতে একজন দণ্ডপ্রাপ্ত কয়েদি খুন হয়। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের তিহার জেলে ঘটল বন্দীদের মধ্যে সংঘর্ষের ঘটনা। বারাবার এমন ঘটনায় জেলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।