নিজস্ব প্রতিনিধি : ভরা বর্ষায় মন সবসময়ই খাই খাই করে ? অথচ হাতের কাছে যে সে খাবার মুখে রুচে না! তার উপর রাতদিন বৃষ্টি লেগেই আছে। এইসময় বেশি তরিতরকারি রেঁধে ফেলার ঝামেলাও অনেক। তাই কম সময়ে বর্ষার দুপুরে জমিয়ে উপভোগ করুন না হয় চিংড়ি ভাপা। চিংড়ি প্রায় সকলের পছন্দ। বর্ষায় চিংড়ির স্বাদ পাল্টে অন্যরকম হয়। স্বাদে গুণে বেড়ে যায় চিংড়ির কদর। তাই দেরি না করে জেনে নিন সহজ উপায়ে ঘরে বসে চিংড়ি ভাপা বানাবেন কীভাবে!
উপকরণ : ৩০০ গ্রাম চিংড়ি মাছ, কালো সর্ষে, পোস্ত বাটা, নারকেল বাটা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, ধনেপাতা কুচি, লবন ও সর্ষের তেল
প্রণালী : প্রথমে চিংড়ি মাছে ভাল করে লবন ও হলুদ মাখিয়ে নিতে হবে। তবে খুব বেশি হলুদ নয়, সামান্য হলুদ দিতে হবে। এরপর একটি মিক্সার জারে সর্ষে,পোস্ত,নারকোল কোড়া, ২ টো কাঁচা লঙ্কা, অল্প জল ও নুন দিয়ে ভাল করে বেটে নিতে হবে। এর মধ্যেই লবন হলুদ মাখানো চিংড়ি মাছ, পরিমাণমত জল,সর্ষের তেল আর দুটো চেঁরা কাঁচা লঙ্কা দিয়ে ভাল করে মেখে নিতে হবে।এর মধ্যে টমেটো কুচি ও অল্প কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিয়ে হালকা করে মেখে নিন।
একটি পাত্রে জল গরম করে নিতে হবে। ঔ পাত্রের উপর একটি স্ট্যান্ড রেখে দিন। এবার এর উফর টিফিন বক্সের মধ্যে মাখানো চিংড়ি গুলোকে ভরে দিন(যে পাত্রে সুবিধা হবে)। ভাল করে বক্সের ছিপি এঁটে ঢাকা দিয়ে রেখে মাঝারি আঁচে ১৫-২০ মিনিট রাখে ভাপিয়ে নিন। ২০ মিনিট পর টিফিন বক্সের ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন। পরিবেশন করার সময় উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।