নিজস্ব প্রতিনিধি : সামনেই দোল,আর উৎসব মানেই বাঙালির পেটপুজো। দোলের দিন একটু রসনা তৃপ্তি না করলে আর মজা কী ? সঙ্গে যদি থাকে বাসমতি চালের ভাত বা পোলাও তাহলে মাটনের ছোঁয়া থাকতেই হবে। মাটনের ঝাল ঝাল পদ জিভে জল আনবে ভোজনরসিকদের। তবে রংয়ের উৎসবে নিজেকে মাটনের রংয়ে রাঙিয়ে নিন।পেট ও মন দুটোই ভরবে। খাদ্যসুখ অনুভব করবে জিভ। ঝটপট জানুন মাটনের এই পদ বানানোর গোপন রেসিপি।
উপকরণ :৭০০ গ্রাম মাটন,১৫০ গ্রাম টক দই,কসৌরি মেথি, লেবুর রস, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন,শুকনো লঙ্কা,পরিমাণ মত গরম মশলা গুঁড়ো(জিরে, ধনিয়া, শাহ মরিচ, সবুজ এলাচ, কালো এলাচ, লবঙ্গ, দারুচিনি, জায়ফল, জয়িত্রী), আদা বাটা, রসুন বাটা,লবন ও কাঁচা সর্ষের তেল
প্রণালী : প্রথমে একটি কড়াইতে তেল গরম করুন, এবার পেঁয়াজ কুচি দিয়ে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। একটি বড় পাত্রে কাঁচা লঙ্কা, পুদিনা পাতা,আদা-রসুন বাটা, টক দই, ধনে গুঁড়ো দিন। এতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদমত লবন, ধনেপাতা কুচি, ভাজা পেঁয়াজ ও ভাজা পেঁয়াজ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নিন। উপর থেকে ধনেপতা কুচিও ছড়িয়ে দিন। ওর মধ্যে মাটন দিন এবং ভালভাবে ম্যারিনেট করুন। রেখে দিন ২০ মিনিট মত। এবার একটি প্রেসার কুকারে তেল দিন এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি ফোঁড়ন দিন। সুগন্ধ আসতে শুরু করলে প্রেসার কুকারে ম্যারিনেট করা মাটন দিন এবং ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাংস নরম না হওয়া পর্যন্ত দমে রান্না করুন। রান্না হলে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে। এবার উপর থেকে লেবুর রস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।