নিজস্ব প্রতিনিধি : বাটিচচ্চড়ি খেতে কে না ভালবাসে ! কিন্তু অনেকেরই চিংড়িতে অ্যালার্জির সমস্যা থাকে। তাই অনেকে বাটিচচ্চড়ি এড়িয়ে যান। কিন্তু অ্যালার্জির ভয়ে পছন্দের খাবার বাদ দেবেন কেন! এর বদলে বানিয়ে নিন কাচকি মাছ দিয়ে বাটি চচ্চড়ি। এই মাছ দামের দিক থেকে বেশি নয়, তেমনই রয়েছে এর গুণাগুণ। এই মাছ খেলে শরীরে আয়রন, প্রোটিন এবং এনার্জি সবই পাওয়া যায়। তাই জেনে নিন সহজ পদ্ধতিতে কাচকি মাছের চচ্চড়ি বানাবেন কীভাবে!
উপকরণ : ৩০০ গ্রাম কাচকি মাছ, টমেটো কুচি, আলু, পেঁয়াজ, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সর্ষের তেল, লেবু, হলুদ গুঁড়ো, জিরে – ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লবন ও চিনি
প্রণালী : প্রথমে কাচকি মাছ ভাল করে ধুয়ে,বেছে লবন, হলুদ ও খানিকটা লেবুর রস মাখিয়ে রাখুন। এবার আলু, পেঁয়াজ, কাঁচালঙ্কা, টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিন। অন্য একটি পাত্রে আলু, পেঁয়াজ, টম্যাটো, কাঁচালঙ্কা কুচি, লবন, চিনি, গুঁড়ো মশলা, সর্ষের তেল দিয়ে ভাল করে মেখে নিন।
এবার লবন, হলুদ মাখিয়ে রাখা মাছগুলি আলু, টম্যাটো, পেঁয়াজের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন।কড়াই গরম হলে সবটা দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন। প্রয়োজনে অল্প জল দেওয়া যেতে পারে। ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।
জল ঘন হয়ে এলে নামিয়ে নিন। উপরে ধনেপাতা কুচি ও লেবুর রস ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন গরম গরম কাচকি চচ্চড়ি। বর্ষায় গরম ভাত বা রুটির সঙ্গে জমে যাবে