নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজনীতি হোক কিংবা সাংগঠনিক পদ-৭৫ বছর হলেই সরে দাঁড়াতে হবে বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) সিদ্ধান্ত নিয়েছে বলে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। বৃহস্পতিবার (২৬ অগস্ট) এ বিষয়ে মুখ খুলেছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। এদিন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সরসঙ্ঘচালক। সেখানেই এক বৈদ্যুতিন চ্যানেলের সাংবাদিকের প্রশ্নের জবাবে খানিকটা বিরক্তি নিয়ে তিনি বলেন, ‘আমি কখনই বলিনি ৭৫ বছর বয়স হলেই আমি অবসর নেব বা কারও অবসর নেওয়া উচিত। সঙ্ঘে আমরা স্বয়ংসেবক… আমাদের চাকরি দেওয়া হয়, আমরা চাই বা না চাই। আমাদের যা করতে বলা হয় আমরা তাই করি। যদি সঙ্ঘ চায় যে আমি ৮০ বছর বয়সে শাখা চালাই, তাহলে আমি তা করব।’
চলতি বছরের জুলাইতে নাগপুরে একটি বই প্রকাশ অনুষ্ঠানে সরসঙ্ঘচালক মোহন ভাগবত ৭৫ বছর বয়সে প্রবীণ নেতা মোরোপন্ত পিংলেকে সম্মানিত করা হয়েছিল বলে উত্থাপন করেন এবং বলেন, ‘এই ধরনের সম্মান বৃদ্ধ হওয়া এবং অন্যদের জন্য দূরে সরে যাওয়ার প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়।’ এর পরেই জল্পনা দানা বাঁধে, তাহলে কী তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ সঙ্ঘের ঘনিষ্ঠ বিজেপি নেতাদের উদ্দেশেই এমন বার্তা দিয়েছেন। বিরোধী শিবির থেকে বলা হয় ‘চলতি বছরের সেপ্টেম্বরেই ৭৫ পূর্ণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ওই ৭৫ পূর্ণের আগেই যাতে তিনি সাংবিধানিক পদ ছেড়ে দেন তার জন্যই সঙ্ঘ প্রধান ভাগবত মোরোপন্ত পিংলের উদাহরণ টেনেছেন। বিজেপি বা কেন্দ্রীয় সরকারের হয়ে সঙ্ঘ নেতৃত্বই সিদ্ধান্ত নেয় বলে কংগ্রেস-সহ গেরুয়া শিবিরের বিরোধীদের অভিযোগও সরাসরি খারিজ করে দিয়েছেন ভাগবত। তাঁর কথায় ‘বিজেপির হয়ে আরএসএস সিদ্ধান্ত নেয়, এটা কোনওভাবেই সত্যি নয়। কেন্দ্রের সঙ্গে আমাদের বেশ কিছু নীতি নিয়ে লড়াই রয়েছে, তবে কোনও ঝগড়া নেই।’