নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম : ফের ২৭টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিল নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এই নিয়ে মোট ৪৯টি সেন্টার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বৈধ লাইসেন্স ও ওয়েস্ট ম্যানেজমেন্ট সঠিক না থাকায় এগুলো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ২২টি সেন্টার বন্ধ করার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। এবার আরও ২৭টি সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ডায়গনস্টিক সেন্টারগুলো চালানো হচ্ছিল। কিন্তু সেখানে প্রয়োজনীয় লাইসেন্স যেমন ছিল না, তেমন ছিল না ওয়েষ্ট ম্যানেজমেন্ট ব্যাবস্থাপনা। এগুলো বাদ দিয়েই রমরমিয়ে চলছিল সেন্টারগুলো। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় আগেই ২২টি সেন্টার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার কাঁথি, মারিশদা ও নাচিন্দা এলাকায় থাকা একাধিক সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি প্রয়োজনীয় লাইসেন্স না নেওয়া পর্যন্ত এই সমস্ত সেন্টারগুলি যাতে খুলতে না পারে তারজন্য পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এই সমস্ত ডায়গনস্টিক সেন্টারগুলোর কর্ণধারদের দাবি, তাঁরা প্রয়োজনীয় লাইসেন্স-এর জন্য নথি জমা দিয়েছেন। সরকারি দফতরে ঘোরাঘুরিতে অনেক সময় লেগে যাচ্ছে। তার জন্য তাদের প্রয়োজনীয় ছাড়পত্র পেতে দেরি হচ্ছে। জুলাই মাসে ২২টি সেন্টার বন্ধের নোটিশ দেওয়া হয়েছিল। এবার আরও ২৭টি সেন্টার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, নন্দীগ্রাম স্বাস্থ্যজেলার ১১টি ব্লক এবং একটি পুরসভা এলাকায় ১৩৬টি বৈধ ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তবে সম্প্রতি এর বাইরেও বড় বড় হোর্ডিং লাগিয়ে একাধিক অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গজিয়ে উঠেছে। সেগুলো বন্ধ করার কথা বলা হয়েছে।