নিজস্ব প্রতিনিধিঃ ফের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে ঘটল বিপত্তি । কলকাতার পর এবার নন্দীগ্রামে দেখা গেল একই চিত্র । রবিবার সকালে বাথরুমের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে প্রাণ গেল দুজনের । সেইসঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন দুজন । তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
নিহতরা হলেন মানস গিরি এবং পঞ্চাশ বছরের মৃত্যুঞ্জয় জানা । এনারা দুজনেই নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রামের বাসিন্দা । এদিন সকালে স্থানীয় বাসিন্দা কানাই জানার বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজ চলছিল। সেটি পরিস্কার করছিলেন কানাই এবং দুই শ্রমিক মানষ গিরি ও মৃত্যুঞ্জয় জানা। আর সেইসময় আচমকাই সেপটিক ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস বের হতে থাকে । তাতেই প্রাণ হারায় মৃত্যুঞ্জয় জানা ও মানস গিরি। সেইসঙ্গে গুরুত্বর জখম হয়েছেন কানাই জানা ও তাঁর বৌমা ।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রামে নেমে আসে শোকের ছায়া । ঘটনাস্থলে গিয়েছে পুলিস। তবে কী করে এমন ঘটনা ঘটল তা এখন জানা যায়নি । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের সময় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা না থাকার কারণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ।