নিজস্ব প্রতিনিধি : টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এবার একদিনের খেলা থেকেও অবসর নেওয়ার জল্পনা শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, সামনেই রয়েছে অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজ। সেখানে খেলে অবসর নিতে পারেন কোহলি ও শর্মা। বিরাট কোহলি ও রোহিত শর্মার বিকল্প হিসেবে কাকে ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড?
জানা গিয়েছে, বছর ১৪ -র বৈভব সূর্যবংশীকে বিশেষ অনুশীলনের ব্যবস্থা করেছে বোর্ড। ২১ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে চলেছে একদিনের সিরিজ। তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স এ নিয়ে যাওয়া হয়েছে বৈভবকে। গত ১০ আগস্ট থেকে রাজস্থান রয়েলসের একাডেমিতে অনুশীলন করছে বৈভব। কে এই বৈভব সূর্যবংশী?
গত আইপিএলের প্রথমবার সুযোগ পেয়েছিল বৈভব। গুজরাত টাইটান্স এর বিরুদ্ধে ভালো ফল করেছে সে । মাত্র ৩৫ বলে শত রান এসেছিল তার ব্যাটে। এটাই ছিল আইপিএলের ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবথেকে দ্রুত শতরান। বৈভবের ছোটবেলার কোচ জানিয়েছেন, এখন থেকেই বৈভবকে তৈরি করে রাখতে চাইছে বিসিসিআই। সিনিয়ররা ধীরে ধীরে মাঠ ছাড়ছেন। ফাঁকা জায়গায় তরুণদের তৈরি করে রাখার ব্যবস্থা করা হচ্ছে। সেই জন্যই এখন থেকেই বৈভবকে তৈরি করার কাজ চলছে। যাতে প্রয়োজন পড়লে বৈভবকে খেলানো যায়।
সাদা বলে ভাল খেলতে পারলেও লাল বলে তেমন ভাবেৈ সাড়া ফেলতে পারেনি বৈভব। তাই তাকে তৈরি করার কাজ শুরু হয়েছে।সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করার জন্য তৈরি করা হচ্ছে ১৪ বছরের এই ক্রিকেটারকে। বৈভবের কোচ বলেন, প্রথম বল থেকেই খেলতে পারে বৈভব। সেটা টি-টোয়েন্টি ও এক দিনের খেলায় প্রমাণ করা গিয়েছে। একদিনের ম্যাচ, টি-২০-র পাশাপাশি লম্বা ফরম্যাটেও সমান ধারাবাহিকতা বজায় রাখতে হবে।