নিজস্ব প্রতিনিধি : নবান্ন অভিযান ঘিরে বিশৃঙ্খলা, পুলিশ কনস্টেবলকে মারধর করার অভিযোগে ৫টি এফআইআর দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আরজিকর ঘটনার একবছর পূর্ণের দিনে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। কলকাতা পুলিশ সূত্রে খবর, ৫টির মধ্যে ৪টি নিউমার্কেট থানা ও ১টি হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়েছে। একটি রাজনৈতিক দলের নেতা ও সমর্থকদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।
আরজিকর ঘটনার ১ বছরের দিনেই নবান্ন অভিযানের ডাক দিয়েছে নাগরিক মঞ্চ। সেই অভিযানে সকলকে আহ্বান জানানো হয়েছিল। এই অভিযানকে সমর্থন করেছিলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অংশ নিয়েছিলেন বিজেপি সমর্থকরাও। কিন্তু এই অভিযানে কোনও অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছিল পুলিশ। প্রতিবাদ করলে রানি রাসমণি অ্যাভিনিউতে করতে বলা হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করে নবান্নের দিকে মিছিল করা হচ্ছিল। বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তিও হয় পুলিশের। এই ঘটনায় এক পুলিশকর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। কনস্টেবলকে মার, হকার্স ইউনিয়নের অফিস ভাঙচুর করার ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, নবান্ন অভিযানে বিশৃঙ্খলা ঘিরে মোট ৭টি এফআইআর দায়ের হয়েছে। তারমধ্য়ে ৫টি হয়েছে কলকাতা থেকে। ৪টি নিউমার্কেট থানা ও ১টি হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়েছে। এক সংবাদকর্মীর ক্যামেরা নষ্ট করা এবং তাঁকে জোর করে আটকে রাখার অভিযোগে নিউমার্কেট থানায় এফআইআর দায়ের হয়েছে। অন্য একটি রাজনৈতিক দলের রাখির স্টলে বিশৃঙ্খলা সৃষ্টির করার জন্য দায়ের হয়েছে এফআইআর।