নিজস্ব প্রতিনিধি : বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। প্রতি বছরের মত এবারও সরকারি অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর সরকারের পক্ষ থেকে প্রতি ক্লাবকে দেওয়া হচ্ছে ১ লক্ষ ১০ হাজার টাকা। সরকারি এই সহযোগিতা স্বনির্ভর করেছে নারীদের। সরকারি সাহায্য পেয়ে পুজোর জন্য উৎসাহ ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে। জানা গিয়েছে নতুন করে পুজো শুরু করার জন্য চুঁচুড়া কেন্দ্রীয় দুর্বোৎসব কমিটির কাছে একাধিক আবেদন পত্র জমা পড়েছে।
কেন্দ্রীয় পুরো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, চুঁচুড়াতে পুজোর সংখ্যা আরো বৃদ্ধি পাবে। ৩৬ বছর ধরে কেন্দ্রীয় পুজোর তালিকা অনুযায়ী, ইতিমধ্যেই মহিলা পুজোর সংখ্যা ৫০ পার করে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূজার অনুদান দেওয়া শুরু করার পর থেকে এই সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে।
জানা গিয়েছে, মহিলাদের পুজোর আয়োজনের ক্ষেত্রে সরকারি এই সাহায্য অনেক সুবিধা করেছে। চুঁচুড়ার মহিলাদের এই ক্ষেত্রে আগ্রহ থাকলেও পুজোর জন্য টাকা জোগাড় করতে সমস্যা হত। মুখ্যমন্ত্রীর এই সাহায্য ঘোষণা করার পর থেকে সেই সমস্যা মিটে গিয়েছে। গতবছর চুঁচুড়ায় ৫৭টি পূজো হয়েছে। এই বছর সেই সংখ্যা ৬০ পেরিয়ে যাবে। তবে চলতি বছরে যতগুলো আবেদন জমা পড়বে সবাই অনুমোদন পাবে না বলে জানা গিয়েছে। এক কথায় নতুন করে চুঁচুড়ায় পুজো শুরু করতে কোমর বেঁধে নেমেছে প্রমিলা ব্রিগেড। তবে জানা গিয়েছে, চলতি বছর পাঁচটি মহিলা পরিচালিত পুজো কেন্দ্রীয় কমিটির তালিকায় অনুমোদন পেতে পারে। সেই বিষয়টি প্রায় নিশ্চিত। কারা পেতে পারেন সেটাই দেখার।